পাকিস্তানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যার পর দেশটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। উপদ্রুত এলাকায় কলেরা, ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী ত্রাণ কার্যক্রমে অংশ নিলেও বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে উপদ্রুত এলাকার মানুষ। বিগত ৮০ বছরের মধ্যে ভয়াবহ ওই বন্যায় ১৫ লাখের বেশি মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার মৃতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। কোনো কোনো এলাকা থেকে বানের পানি নেমে গেলেও বৃষ্টি অব্যাহত রয়েছে। দুর্গত লোকজনের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও চীন। সরকারি কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া ও পাকিস্তানশাসিত কাশ্মীরে মৌসুমি বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস দেখা দেয়। বছরের পর বছর ধরে তালেবান ও আল-কায়েদাসংশ্লিষ্ট সহিংসতায় নিঃস্ব হয়ে পড়া অঞ্চলটিতে নতুন করে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আটকে পড়া ২৮ হাজার মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনা ও বেসামরিক উদ্ধারকারীরা। এদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করে জাতিসংঘের পক্ষ থেকে দুর্গতদের জন্য অধিকতর সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহাসচিব বান কি মুন। বিবিসি, এএফপি, এপি ও ডন। বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবাহিত রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা জরুরি ভিত্তিতে সাহায্য পাঠানো শুরু করেছে। দুর্গতদের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা দিতে এবং মৃতদেহগুলো বের করে আনতে কয়েক হাজার সেনা ও বেসামরিক উদ্ধারকারী দল কাজ করছে। পাকিস্তানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, খাওয়ার পানির অভাবে কলেরা, পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ ছড়িয়ে পড়ছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ জহির আল শাহ বলেন, ‘এসব রোগে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু।’ তিনি বলেন, ‘আমরা প্রথমে আটকে পড়াদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।’ স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে বলেন, সোয়াতের কিছু জায়গাসহ সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে চিকিৎসক দল পাঠানো হয়েছে। সেনা মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, সোয়াতের সব সেতু ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বন্যায় মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য গভীর দুঃখ প্রকাশ করে মানবিক বিপর্যয় মোকাবিলায় ১০০ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। মার্কিন সরকারও ১০০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া চীন দেবে ১৫ লাখ ডলার। বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।পাকিস্তানের বৃহত্তম বেসরকারি সাহায্য সংস্থা ইদি ফাউন্ডেশনের মুখপাত্র আনওয়ার কাজমি বলেন, বন্যায় অন্তত এক হাজার ২৫৬ জন প্রাণ হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সোয়াতেই মারা গেছে ৪৭৫ জন। বন্যার ভয়াবহতার অনুপাতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা কম বলে অভিযোগ করেছেন উপদ্রুত এলাকার অনেকেই। বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়া ৫৩ বছর বয়সী শ্রমিক ইজাজ খান বলেন, ‘সরকার আমাদের সাহায্য করছে না।’ তিনি বলেন, তিনি যে স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন সেটি এখন কানায় কানায় পূর্ণ।