পাকিস্তানে মার্কিন ড্রোন বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান বা ড্রোন পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকা উত্তর ওয়ারিজিস্তানে বিধ্বস্ত হয়েছে। আপাতদৃষ্টিতে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে গতকাল রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তানি তালেবান দাবি করেছে।তালেবানের দাবি, মার্কিন কর্মকর্তারা অস্বীকার করেছেন বলে পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে তালেবান যোদ্ধারা এর চারপাশ ঘিরে ছিল বলে জানা গেছে। তারা বিধ্বস্ত বিমানের কিছু অংশও নিয়ে গেছে।উত্তর ওয়ারিজিস্তানের প্রধান শহর মিরনশাহ থেকে ৩০ কিলিমিটার দূরের পাহাড়ি এলাকা মাচিখেলে বিমানটি ভূপাতিত হয়। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে কারিগরি সমস্যার কারণে এটি ভূপাতিত হয়েছে।পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তান এলাকাটি আফগান সীমান্তের কাছে। আল-কায়েদা, হাক্কানি নেটওয়ার্ক ও তালেবানের জন্য ওয়ারিজিস্তানকে ‘নিরাপদ স্বর্গ’ বলে মনে করেন মার্কিন ও আফগান কর্মকর্তারা। তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে কয়েক বছর ধরেই এই এলাকায় ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে ড্রোন হামলা চালানোর কথা গত মাসে প্রথমবারের মতো স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পিটিআই।