পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার পাকিস্তানের প্রধান বদর মনসুর গতকাল বৃহস্পতিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পাকিস্তানে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন।পাকিস্তানের কর্মকর্তারা জানান, গতকাল ভোরে আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরনশাহে মার্কিন ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মনসুর নিহত হন। মনসুর উপজাতি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে একটি শিবির পরিচালনা করতেন। এ ছাড়া তিনি সে দেশে যোদ্ধাও সরবরাহ করতেন।মনসুর নিহত হওয়ার খবর তাঁর অনুগত আল-কায়েদার এক সদস্য নিশ্চিত করেছেন। ওই সদস্য টেলিফোনে জানান, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মনসুর নিহত হয়েছেন।মিরনশাহে গোয়েন্দা কর্মকর্তারা জানান, মনসুর নিহত হয়েছেন। তবে কয়েকজন কর্মকর্তা তাঁর নিহত হওয়ার খবর নিশ্চিত করেননি।পাকিস্তানের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানান, ইলিয়াস কাশ্মিরি নিহত হওয়ার পর থেকে ‘মনসুরই কার্যত পাকিস্তানের আল-কায়েদার নেতা।’ গত বছরের জুনে ড্রোন হামলায় ইলিয়াস কাশ্মিরি নিহত হন।ইলিয়াস কাশ্মিরির নাম যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ছিল। তাঁকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। তবে মনসুরের নাম কালো তালিকায় ছিল না। এএফপি।