পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন অন্তত চার জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী মিরামশাহ শহরের কাছের একটি গ্রামে গত বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয় বলে গণমাধ্যম জানিয়েছে।

মিরামশাহ শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কাতাব খেল গ্রামে ওই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি ভবন। মিরামশাহর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, হামলায় সন্দেহভাজন চার জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি একজন মারাত্মক আহত হয়েছে।

হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও কর্মকর্তারা জানিয়েছেন, তারা আফগানিস্তানের নাগরিক বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলা চালানোর পরও আকাশে চালকবিহীন বিমানটি চক্কর দিচ্ছিল। পরে স্থানীয় বাসিন্দারা হামলার শিকার ভবনটির চারপাশে জড়ো হয় এবং মৃতদেহগুলো বের করে আনে। তবে সেগুলো পুড়ে গিয়ে এমন অবস্থা হয়েছে যে আর চেনার উপায় নেই। ডন।