পাকিস্তানে মার্কিন হামলায় ১৪ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় গতকাল বুধবার দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।প্রথম হামলাটি হয় উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে পাঁচ কিলোমিটার দূরের ডান্ডি দারপাখেল গ্রামে। এতে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়। আবদুল আজিজ নামের স্থানীয় এক জঙ্গি নেতাকে লক্ষ্য করে মার্কিন চালকবিহীন বিমান দ্রোন থেকে এ হামলা চালানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করে এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানাতে পারেননি ওই কর্মকর্তা। অপর হামলাটি হয় উত্তর ওয়াজিরিস্তানেরই দাত্তাখেল শহরের কাছে আম্বরশাগা গ্রামে। মার্কিন দ্রোন থেকে একটি গাড়ি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে মারা যায় চার বিদ্রোহী।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আদিবাসী এলাকায় তালেবান এবং আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে প্রায়ই এ ধরনের দ্রোন হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ওই এলাকাকে আল-কাদেয়া জঙ্গিদের প্রধান আশ্রয়স্থল এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসেবে অভিহিত করেছে। ২০০৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ১২২টি দ্রোন হামলায় এক হাজার ৪০ জনের বেশি নিহত হয়েছে। মার্কিন বাহিনীর এ ধরনের হামলার ফলে পাকিস্তানে মার্কিনবিরোধী ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, আফগানিস্তানে মোতায়েন দেড় লাখের বেশি বিদেশি সেনাকে রক্ষা এবং তালেবান ও আল-কায়েদা দমনের জন্য এই দ্রোন হামলার বিকল্প নেই।আল-কায়েদা গত জুন মাসে জানায়, তাদের তৃতীয় শীর্ষস্থানীয় নেতা এবং ওসামা বিন লাদেনের একসময়ের কোষাধ্যক্ষ মুস্তাফা আবু-আল-ইয়াজিদ। নিরাপত্তা কর্মকর্তারা জানান, মার্কিন দ্রোন হামলায় তিনি মারা গেছেন বলে মনে করা হচ্ছে।গাড়িবোমা হামলায় নিহত ১৮: এদিকে পাকিস্তানের কোহাত শহরে গত বুধবার একটি পুলিশ কম্পাউন্ডে গাড়িবোমা হামলায় ১৮ জন নিহত হয়। তাদের মধ্যে ১৪ জন নারী ও শিশু এবং চারজন কর্মকর্তা। এ ছাড়া এ হামলায় আহত হয়েছে আর ৯৪ জন।হামলায় নিহত নারীশিশুরা পুলিশ কর্মকর্তাদের স্ত্রী ও সন্তান। পুলিশ কর্মকর্তাদের আবাসিক এলাকায় ওই হামলা চালানো হয়। এতে অনেকগুলো ভবন ও দোকান বিধ্বস্ত হয়। এএফপি ও এপি।