পাকিস্তানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ সুপ্রিম কোর্টের
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। আদালত এমন সময় এই আদেশ জারি করলেন, যখন দেশটিতে নির্বাচনের আয়োজন ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা নিয়ে জনমনে আশঙ্কা ও ভীতি কাজ করছে।পাকিস্তানে গুজব রয়েছে যে সামরিক বাহিনী সুপ্রিম কোর্টের সহায়তায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে উত্খাত করতে চাইছে। তবে গতকালের নির্দেশের মধ্য দিয়ে গুজবে ইতি টানা হলো বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে এই প্রথম কোনো সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চলেছে।প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী গতকাল নির্দেশ দেন, ‘রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ অবশ্যই এমন কোনো কাজ করবে না বা এমন কোনো পদক্ষেপ নেবে না, যা নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে পারে। সংবিধানের কোনো ধরনের বিচ্যুতি ঘটালে বা সংবিধানে অনুমোদিত নয় এমন কোনো শাসনব্যবস্থা চালুর চেষ্টা করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।’ রয়টার্স।