পাকিস্তানে যাত্রীবাহী বিমানে গুলি, নিহত ১
পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এতে একজন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন ক্রু।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি উড়োজাহাজ পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে নামার প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে। বিমানটিতে ১৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
বিমানটির একজন মুখপাত্র মাসুদ তাজোয়ার বলেন, বিমানটি অবতরণের ঠিক আগমুহূর্তে অজ্ঞাত বন্দুকধারীরা এটি লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। এতে এক নারী যাত্রীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। তিনি বলেন, বিমানটিতে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার আগে কোনো হুমকি দেওয়া হয়নি।
পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল বলেন, ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বিমানটিতে একে-৪৭ রাইফেলের আটটি গুলি ছোড়া হয়েছে। রানওয়ে থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকতেই বিমানটিতে গুলি ছোড়া হয়।
এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। করাচি বিমানবন্দরে হামলার ঘটনার দুই সপ্তাহ পরই আবার বিমানে হামলার ঘটনা ঘটল।