পাকিস্তানে লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়ের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি আদালত গতকাল সোমবার আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।পাকিস্তানে অবৈধভাবে বসবাস করার দায়ে লাদেনের স্ত্রী ও মেয়েদের ওই সাজা দেওয়া হয়। একই সঙ্গে আদালত যত দ্রুত সম্ভব তাঁদের পাকিস্তান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।লাদেনের স্ত্রীদের পক্ষের আইনজীবী মুহাম্মদ আমির জানান, গত ৩ মার্চ লাদেনের স্ত্রী ও মেয়েদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁদের এই সাজার মেয়াদ কার্যকর হবে এবং ইসলামাবাদের বাড়িতেই তাঁদের সাজার বাকি মেয়াদ সম্পন্ন করা যাবে।ইসলামাবাদে লাদেনের স্ত্রীদের বন্দী রাখা বাড়ির বাইরে দাঁড়িয়ে মুহাম্মদ আমির সাংবাদিকদের বলেন, কর্মকর্তারা এই বাড়িকে ‘সাব-জেল’ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রসচিব লাদেনের স্ত্রী ও মেয়েদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।’ আমিরের ধারণা, দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হতে পারে। লাদেনের ইয়েমেনি স্ত্রী আমালের ভাই জাকারিয়া আহমাদ আবদ আল-ফাত্তাহ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত লাদেনের স্ত্রী ও মেয়েদের প্রত্যেককে ১০ হাজার রুপি করে জরিমানাও করেন।ফাত্তাহ আরও বলেন, ‘লাদেনের স্ত্রী ও মেয়েরা যাতে শিগগিরই নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে বিষয়ে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।’ বিন লাদেনের অন্য দুই স্ত্রী সৌদি আরবের নাগরিক। ডন।