পাকিস্তানে শপথ নিল তত্ত্বাবধায়ক সরকার
পাকিস্তানে গত মঙ্গলবার ১৪ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার শপথ নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার-প্রধানের দায়িত্ব নিয়েছেন মির হাজার খান খোসো। প্রেসিডেন্ট ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মির হাজার খান খোসোকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।এই তত্ত্বাবধায়ক সরকারে দেশটির চারটি প্রদেশ থেকেই বাছাই করা মন্ত্রীর সমন্বয় ঘটানো হয়েছে। তাঁরা হলেন পাঞ্জাব প্রদেশ থেকে মালিক হাবিব, আহমার বিলাল সুফি, মুসাদ্দাক মালিক, আরিফ নিজামি, শাহজাদা আহসান আশরাফ ও শাহজাদা জামাল, সিন্ধু প্রদেশের সোহেইল ওয়াজাহাত সিদ্দিক, মকবুল এইচ এইচ রহমতুল্লা ও ইউনিস সুমরো, বেলুচিস্তান প্রদেশের আবদুল মালিক কাসি, আসাদুল্লাহ মানদোখেল ও মির হাসান ধুমকি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সানিয়া নিশতার ও ফিরোজ জামাল কাকাখেল।তাঁদের মধ্যে কাকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, জ্যেষ্ঠ সাংবাদিক ও পাকিস্তান টুডের সম্পাদক আরিফ নিজামিকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমার বিলাল সুফিকে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান মির হাজার খান খোসো গত সোমবার ১৫ সদস্যের সরকারের নাম প্রস্তাব করেন। তবে মুশতাক খান নামের একজন প্রস্তাবিত মন্ত্রী স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার পদে দায়িত্ব পালন করছিলেন বলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।পাকিস্তানে আগামী ১১ মে সাধারণ নির্বাচন হবে। এর আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকার। পিটিআই।