পাকিস্তানে শিক্ষিকাকে গুলির ঘটনায় ব্রাউনের নিন্দা
জাতিসংঘের বৈশ্বিক শিক্ষাবিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন পাকিস্তানে গত মঙ্গলবার ‘মালালা স্টাইলে’ এক স্কুলশিক্ষিকার ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন।পাকিস্তানের খাইবার উপজাতি এলাকায় শাহনাজ বিবি নামের ওই শিক্ষিকা তাঁর স্কুলের কাছে যাত্রীবোঝাই ভ্যান থেকে নামার পর মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির হামলার শিকার হন। তাদের ছোড়া গুলিতে পরে তিনি মারা যান। এলাকাটি পেশোয়ার থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত।গত বছরের অক্টোবরে পাকিস্তানের তালেবান দেশটির নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর গুলি চালায়। সোয়াত এলাকায় গুলিতে আহত হওয়ার পর দেশের বাইরে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে। তালেবান বলেছে, ‘ধর্মনিরপেক্ষতাকে’ উৎসাহিত করার জন্য তার ওপর ওই হামলা চালানো হয়েছে।স্কুলশিক্ষিকা শাহনাজ বিবির ওপর হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের দূত ব্রাউন বলেন, শাহনাজ পাকিস্তানে নারীশিক্ষার জন্য লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে লেখা এক চিঠিতে স্কুল অভিমুখী কিশোরী ও শিক্ষকদের রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিবিসি।