পাকিস্তানে শিয়াবিরোধী জঙ্গিদের ক্ষমতা ভীতিকর হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীবিরোধী জঙ্গিদের ক্ষমতা দিন দিন বাড়ছে। এ বিষয়টি দেশটির জন্য ভীতিকর হয়ে উঠছে। জঙ্গিদের মোকাবিলা করার বিষয়টিই এখন পাকিস্তানে শান্তি ও অভ্যন্তরীণ বিপর্যয়ের অন্যতম ‘ভাগ্যনিয়ন্তা’ হয়ে দেখা দিয়েছে। বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় গত বৃহস্পতিবার শিয়াদের ওপর হামলায় শতাধিক মানুষ প্রাণ হারায়। শিয়াবিরোধী নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি এই হামলার দায় স্বীকার করে। এর পর থেকে শিয়াবিরোধী জঙ্গিদের ক্ষমতা বাড়ায় ভীতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।২০০৪-০৫ সাল থেকে বেলুচিস্তানে শিয়াবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকে। ওই অঞ্চলে শিয়াদের হাজারা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করাই তাদের প্রধান লক্ষ্য। বেলুচিস্তানের স্থানীয় সরকারের তথ্যমতে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বেলুচিস্তানে শিয়াদের ওপর হামলায় ৭৫৮ জন নিহত হয়। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। কোনো কোনো পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে ছিল শিয়াদের জন্য সবচেয়ে ভয়ংকর বছর।মূলত সত্তরের দশকে ইরানে শিয়া বিপ্লবের পরই পাকিস্তানে শিয়াবিরোধী মনোভাব তীব্র হয়। তখন থেকে সুন্নিরা শিয়াবিরোধী জঙ্গি সংগঠন গড়ে তোলার তৎপরতা শুরু করে। বেলুচিস্তানে শিয়াবিরোধী জঙ্গিদের নিয়ন্ত্রণ অনেক বেশি। ভৌগোলিক অবস্থানগত কারণসহ আরও বিশেষ কিছু কারণে সেখানে নজিরবিহীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে লস্কর-ই-জাংভি। বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ও প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তুলেছে তারা। শুধু তা-ই নয় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত অঞ্চলেও এদের প্রভাব রয়েছে। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, তেহরিক তালেবান পাকিস্তানের (টিটিপি) মূল শক্তি লস্কর-ই-জাংভির মতো সাম্প্রদায়িক বিভিন্ন গোষ্ঠী। টিটিপির প্রয়াত নেতা আত্মঘাতী প্রশিক্ষণ স্কোয়াডের প্রধান কারি হুসাইন ও বর্তমান মুখপাত্র এহসানুল্লাহ এহসান একসময় লস্কর-ই-জাংভির নেতা ছিলেন।বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, পাকিস্তান সরকার ইচ্ছা করলে এসব জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করতে পারে। কিন্তু কোনো সরকার সেই ‘ইচ্ছা’ ব্যক্ত করে না। তার একটি কারণ হচ্ছে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ। সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের আমলে তাঁরই পৃষ্ঠপোষকতায় পাঞ্জাব প্রদেশে লস্কর-ই-জাংভি ফুলেফেঁপে ওঠে। ভোট পাওয়ার স্বার্থে মোশাররফ এমনটা করেন। মূলত প্রধান সব রাজনৈতিক দলই ভোটের জন্য লস্কর-ই-জাংভি বা এমন জঙ্গিগোষ্ঠীর ওপর নির্ভর করে।আন্তর্জাতিকভাবে পশ্চিমা চাপের সময় বেলুচিস্তানে এই জঙ্গিগোষ্ঠীগুলোর পশ্চিমাবিরোধী বিক্ষোভ-সমাবেশ কাজে লাগায় পাকিস্তান সরকার। বিশেষ করে অস্থিতিশীল আফগানিস্তান থেকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য পাকিস্তান এটা বেশি ব্যবহার করে। এ ছাড়া কাশ্মীরে পাকিস্তানের উদ্দেশ্য সাধনের জন্য লস্কর-ই-জাংভির মতো জঙ্গিগোষ্ঠীগুলোর কাছ থেকে সরকার রাজনৈতিক ও সামরিক সমর্থন পায়।এসব কারণে পাকিস্তানের কোনো সরকারই জঙ্গিগোষ্ঠীগুলোকে দমনের কার্যকর পদক্ষেপ নেয় না। আর এ সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী হয়ে উঠছে লস্কর-ই-জাংভির মতো সাম্প্রদায়িক বিভিন্ন জঙ্গিগোষ্ঠী।