পাকিস্তানে ষড়যন্ত্র তদন্তের পক্ষে সেনা কর্মকর্তারা
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল বলে যে তথ্য প্রকাশিত হয়, তা তদন্তের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান। এ নিয়ে সরকারের সঙ্গে তাঁদের সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে।পাকিস্তানে গত মে মাসে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করেছিল যুক্তরাষ্ট্র। এর নেপথ্যে জড়িতদের ব্যাপারে তদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ। জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতকে বলেন, এই আবেদন খারিজ করা উচিত। তবে এর বিরোধিতা করেন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা আহমেদ।মার্কিন বংশোদ্ভূত পাকিস্তানি ব্যবসায়ী মনসুর ইজাজ দাবি করেন, প্রেসিডেন্ট জারদারি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করেন বলে একটি বার্তা যুক্তরাষ্ট্রের তৎকালীন শীর্ষ সেনা কর্মকর্তা এডমিরাল মাইক মুলেনের কাছে পৌঁছে দেওয়া হয়। মনসুর ইজাজ একটি সংবাদপত্রে এই তথ্য জানান। ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত হোসেইন হাক্কানি ওই বার্তা পৌঁছে দেন।তবে হাক্কানি এই অভিযোগ অস্বীকার করেন। ওই বার্তা মুলেনের কাছে কীভাবে পৌঁছায়, তা তদন্তের আবেদন জানান নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এএফপি।