পাকিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণের কথা স্বীকার করেছেন তিন ব্রিটিশ
সন্ত্রাসী প্রশিক্ষণের জন্য পাকিস্তান সফরের কথা স্বীকার করেছেন যুক্তরাজ্যের তিন মুসলিম নাগরিক। গতকাল শুক্রবার তাঁরা যুক্তরাজ্যের একটি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।ইংল্যান্ডের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের বিচারক ওল্ড বেইলির আদালতে অভিযুক্ত তিনজনকে হাজির করা হয় ভিডিও লিংকের মাধ্যমে। তাঁরা হলেন রিচার্ড ডার্ট, ইমরান মাহমুদ ও জাহাঙ্গীর আলম। এঁদের মধ্যে রিচার্ড ডার্ট ধর্মান্তরিত মুসলিম।অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় ২০১১ সালের জুলাই মাসে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তান সফর, সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের জন্য বিদেশ সফর এবং এসব সফর থেকে পাওয়া তথ্য সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে দেওয়া।ধর্মান্তরিত হওয়ার পর বিবিসির তৈরি একটি প্রামাণ্যচিত্রে অভিনয় করেছিলেন রিচার্ড ডার্ট। এটি তৈরি করেন তাঁরই সৎভাই। সেখানে ডার্ট জানিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি সালাহউদ্দিন আল-ব্রিটানি নাম নিয়েছেন।যুক্তরাজ্যের ডরসেট কাউন্টির এক শিক্ষকের সন্তান রিচার্ড ডার্ট। একসময় তিনি পুলিশ সাপর্ট অফিসার এবং বিবিসির নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এএফপি।