পাকিস্তানে সমাবেশ ও মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী হামলা, নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে একটি রাজনৈতিক দলের সমাবেশ এবং মার্কিন কনস্যুলেট ভবনের সামনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক লোক। চিকিৎসকেরা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তারা বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলার প্রধান শহর টিমারগড়ায় গতকাল সোমবার সকালে উন্মুক্ত সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় ৪১ জন। একই দিন বিকেলে ওই প্রদেশের রাজধানী পেশোয়ারে মার্কিন কনস্যুলেটের প্রধান ফটকের সামনে বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত হয়েছে চার হামলাকারীসহ কমপক্ষে ছয়জন। কনস্যুলেটে হামলার দায় ইতিমধ্যে তালেবানের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা গতকাল এসব কথা জানিয়েছেন। খবর এএফপি ও ডন অনলাইনের।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশের নতুন নামকরণ উপলক্ষে ধর্মনিরপেক্ষ দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) সেখানে একটি উন্মুক্ত আনন্দ সমাবেশের আয়োজন করে। সকালের দিকে সমাবেশ চলাকালে মঞ্চের খুব কাছে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। টিমারগড়ার পুলিশ-প্রধান মুমতাজ জরিন বলেছেন, এটা একটা আত্মঘাতী বোমা হামলা ছিল বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, হামলাকারী হেঁটে মঞ্চের খুব কাছে চলে যায়। তারপর সুযোগ বুঝে সে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। স্থানীয় হাসপাতালের প্রধান চিকিৎসক ওয়াকিল আহমেদ বলেন, তাঁরা এ পর্যন্ত ৩৮টি মৃতদেহ গ্রহণ করেছেন। ১০০ জনের বেশি ব্যক্তি এতে আহত হয়েছে। তাদের বেশির ভাগের অবস্থা গুরুতর। তবে মালাকন্দের পুলিশ-প্রধান কাজি জামিল বলেন, এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। এএনপির মুখপাত্র জাহিদ খান জিও টেলিভিশনকে বলেন, ব্রিটিশদের দেওয়া ২০০ বছরের পুরোনো পশ্চিমা নাম বাতিল করে তাঁরা তাঁদের প্রদেশের নাম খাইবার পাখতুনবা রাখতে যাচ্ছেন। এ প্রদেশের সংখ্যাগুরু পশতুদের সম্মানে ওই নাম রাখা হচ্ছে। নতুন নামকরণ উপলক্ষে তাঁরা দলের পক্ষ থেকে একটি আনন্দ সমাবেশের আয়োজন করেছিলেন। সেই সমাবেশে তাঁরা হামলা চালিয়েছে।অন্যদিকে, পেশোয়ার পুলিশের কর্মকর্তা গোলাম হোসেন বলেন, দুপুরে দুটি মোটরযানে চড়ে প্রায় ১৫ জন জঙ্গি ভারী বন্দুক ও বিস্ফোরকে সজ্জিত হয়ে মার্কিন কনস্যুলেটের প্রধান ফটকের সামনে এসে হামলা চালায়। প্রধান ফটকের সামনে একজন জঙ্গি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। কনস্যুলেটের নিরাপত্তারক্ষীরা উপর্যুপরি গুলি চালালে জঙ্গিরা আরও বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর তারা পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের চারটি পয়েন্ট থেকে নিরাপত্তারক্ষীরা কিছু অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশের মন্ত্রী বশির আহমেদ বিলৌর এএফপিকে বলেন, সেখানে চার হামলাকারী, একজন পুলিশ ও একজন সাধারণ লোক নিহত হয়েছে। এদিকে পাকিস্তানি তালেবানের মুখপাত্র আজম তারিক গতকাল বিকেলে বার্তা সংস্থা রয়টার্সকে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে জানিয়েছেন, তাঁদের লোকজনই মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘মার্কিনরা আমাদের ঘোর শত্রু। আমরাই পেশোয়ার কনস্যুলেটে হামলা চালিয়েছি। আমাদের এ ধরনের হামলার আরও পরিকল্পনা রয়েছে।’