পাকিস্তানে সরকার-আদালত আবার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখার বিষয়টি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে পাকিস্তানের সরকার ও বিচার বিভাগ। সরকারের পক্ষ থেকে গতকাল আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে চিঠি লেখা সম্ভব নয়। এর পরপরই আদালত বলেছেন, সরকারের এই অবস্থান গ্রহণযোগ্য নয়।১২ জুলাই একটি রুল জারি করেন সুপ্রিম কোর্ট। এতে জারদারির বিরুদ্ধে মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখার বিষয়ে সরকারের অবস্থান জানাতে নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে ২৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়। এক দিন আগে গতকাল সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টে দাখিল করা জবাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি লিখতে পারেন না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ১২ জুলাইয়ের আদেশ পুনর্বিবেচনারও আবেদন জানানো হয়।অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির বলেন, পাকিস্তানের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মন্ত্রিসভা তাঁকে প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের চালু করতে সুইজারল্যান্ড সরকারের কাছে চিঠি লেখার কোনো সুপারিশ করেনি। তবে বিষয়টিতে আইন মন্ত্রণালয় কোনো মতামত দিলে, সে ক্ষেত্রে মন্ত্রিসভা সাংবিধানিক ধারার সঙ্গে সংগতি রেখে সিদ্ধান্ত গ্রহণ করবে।সরকার জবাবে আরও বলেছে, প্রধানমন্ত্রীর প্রতি সমন জারির কর্তৃত্ব সুপ্রিম কোর্টের সাত বিচারকের সমন্বয়ে গঠিত ওই বেঞ্চের নেই। তা ছাড়া, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তথাকথিত যে দ্বিতীয় বিকল্প পন্থার কথা আদালত বলেছেন, তারও বাস্তবায়ন সম্ভব নয়। ১২ জুলাইয়ের আদেশে ওই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছিল।সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখার জন্য আদালতের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা পালন করেননি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এ জন্য আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে গত ১৮ জুন তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। এতে এ পদ শূন্য হলে রাজা পারভেজ আশরাফ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।এদিকে, সরকারের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। ডন।