পাকিস্তানে সরকার ও বিচার বিভাগের দ্বন্দ্বের ঘটনাক্রম
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেছেন। পাকিস্তানে সরকার ও বিচার বিভাগের মধ্যে সাম্প্রতিকতম দ্বন্দ্বের সূচনা হয় মূলত গত বছর। দ্বন্দ্বের কেন্দ্রে থাকা উল্লেখযোগ্য ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো: অক্টোবর ২০১১: পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী মনসুর ইজাজ ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় এক প্রতিবেদন লেখেন। এতে বলা হয়, সেনাবাহিনীর সম্ভাব্য অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে পাকিস্তান সরকার।নভেম্বর ২০১১: চিঠির ওই বিতর্কের জের ধরে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রদূত হাক্কানি।ডিসেম্বর ২০১১: বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফের দল ও তাঁর জোট চিঠি কেলেঙ্কারির ঘটনা অধিকতর তদন্তের নির্দেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে। আদালত তা আমলযোগ্য বলে ঘোষণা করেন। কিন্তু প্রধানমন্ত্রী জানিয়ে দেন, তাঁর সরকার রাষ্ট্রের মধ্যে অন্য একটি রাষ্ট্র (সেনাবাহিনী) মেনে নেবে না। এরপর বিচার বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও সরকারের চরম দ্বন্দ্ব শুরু হয়।জানুয়ারি ২০১২: প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে চিঠি লেখার নির্দেশ দেন আদালত। এ নির্দেশ পালন না করায় প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়। গিলানি আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন।ফেব্রুয়ারি ২০১২: ২ তারিখে গিলানিকে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করেন আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে গিলানি আপিল করলে ১০ তারিখে আট সদস্যের বেঞ্চ তা খারিজ করে আগের রায় বহাল রাখেন। তবে এ অভিযোগের ওপর শুনানি অব্যাহত থাকে।এপ্রিল ২০১২: ২৬ তারিখে গিলানিকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করে তাঁকে ৩০ সেকেন্ডের প্রতীকী সাজা দেন আদালত। এ সাজার জের ধরে বিরোধী দলগুলো তাঁর পদত্যাগের দাবি তুললে তিনি তা নাকচ করে দেন। তিনি বলেন, রায়ের সঙ্গে তাঁর অযোগ্য প্রমাণিত হওয়ার কোনো সম্পর্ক নেই। কেবল পার্লামেন্টই তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে পারে।মে ২০১২: গিলানিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে ১১ তারিখে আদালতে পিটিশন দাখিল করেন এক আইনজীবী। ২৮ তারিখে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের পক্ষ থেকেও একই দাবিতে আরেকটি পিটিশন দাখিল করা হয়।জুন ২০১২: ৬ তারিখে আদালত পিটিশনগুলো বিবেচনায় নেন এবং পরবর্তী সময়ে এগুলোর ওপর শুনানি শুরু হয়। গতকাল গিলানিকে অযোগ্য ঘোষণা করেন আদালত। এএফপি, রয়টার্সও বিবিসি।