পাকিস্তানে সহায়তা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সহায়তা আটকে দেওয়া, ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সন্দেহভাজন জঙ্গিদের অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখার বিষয়ে গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে বিলে কয়েকটি বিষয়ে পরিবর্তন আনার পর হোয়াইট হাউস জানায়, ওবামা বিলটিতে ভেটো দেবেন না। এর পরপরই প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। গতকাল বৃহস্পতিবার সিনেটে বিলটির ওপর ভোটাভুটি হওয়ার কথা। ওই বিলে কিউবায় অবস্থিত মার্কিন বন্দীশিবির গুয়ানতানামো বে বন্ধ করার ব্যাপারেও বড় ধরনের অন্তরায় সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় সুশীল নাগরিক গোষ্ঠীগুলো বিলের সমালোচনা করে বলেছে, এই পদক্ষেপের ফলে ২০০১ সালে শুরু হওয়া ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শেষ না হওয়া পর্যন্ত সন্দেহভাজন জঙ্গিদের বিনা অভিযোগে আটকে রাখা হবে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ২০১২ নামের ওই বিলের আওতায় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ কোটি ডলারের সহায়তা আটকে দেওয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে এই অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল যুক্তরাষ্ট্র। রিপাবলিকান দলের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি পরিষদে ৬৭ হাজার কোটি ডলারের ওই বিলের অনুমোদন দেওয়া হয়। বিলের পক্ষে ২৮৩ ভোট এবং বিপক্ষে ১৩৬ ভোট পড়েছে। বিলের আওতায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যবসা করে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া প্রতিনিধি পরিষদে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়াকে যেসব দেশ বা কোম্পানি পরমাণু, রাসায়নিক বা জীবাণু অস্ত্র বা ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে সহায়তা করছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। এএফপি ও রয়টার্স।