পাকিস্তানে সহিংসতায় সাবেক সাংসদসহ নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি নগরে গত বুধবার রাতভর প্রতিদ্বন্দ্বী জাতিগত গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষে ক্ষমতাসীন দলের এক সাবেক সাংসদসহ কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার একথা জানায়।জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে মোহাজিরস ও পশতুনরা ছিল। মোহাজিরস মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিনিধিত্ব করে ও পশতুন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সঙ্গে জড়িত। ক্ষমতাসীন দল পিপিপির সাবেক ওই সাংসদের নাম ওয়াজা করিমদাদ। তিনি করাচির পাশের লিয়ারিতে রাস্তার পাশে এক ক্যাফেতে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বেশ কিছু পথচারীও আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২৪ ঘণ্টায় লিয়ারিসহ করাচির বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। তবে অধিকাংশ মানুষই দক্ষিণাঞ্চলীয় লিয়ারি এলাকায় নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, লিয়ারি ও করাচির অন্য এলাকাগুলোতে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। তিনি আরও বলেন, নতুন করে এই সহিংসতার জন্য অপরাধী চক্রগুলো দায়ী। গত জুলাই মাসেই করাচিতে এ ধরনের বিভিন্ন সহিংস ঘটনায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছেন। এর আগে সহিংসতার কারণে করাচিতে গত মাসে শত শত পুলিশ ও আধা সামরিক সৈন্য মোতায়েন করা হয়। এএফপি, বিবিসি।