পাকিস্তানে সাধারণ নির্বাচন ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। জনগণের ভোটে প্রথমবারের মতো নির্বাচিত সরকার গত সপ্তাহে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে দেশটির পার্লামেন্ট ব্যবস্থায় ইতিহাস সৃষ্টি করেছে। পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো গণতান্ত্রিক সরকার অন্য একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।সরকারের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, নির্বাচনের জন্য উপযুক্ত সময়ের ব্যাপারে একটি প্রস্তাব প্রেসিডেন্টকে জানায় সরকার। তাঁকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানানো হয়। প্রেসিডেন্ট আগামী ১১ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পাকিস্তানে আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই করতে গতকালই সংসদীয় কমিটি বৈঠক করেছে। তবে তাৎক্ষণিক বৈঠকের ফলাফল জানা যায়নি। পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়। এরপর দেশটিতে তিনবার সেনা অভ্যুত্থান হয়। চারজন সামরিক শাসক দেশ শাসন করেন। জারদারির পাকিস্তান পিপলস পার্টি ও বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সাবেক ক্রিকেটার ইমরান খানের দল প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবে। মুখপাত্র বাবর বলেন, পাকিস্তানের চারটি প্রাদেশিক পরিষদেরও নির্বাচন হওয়ার কথা। তবে ওই নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, একই দিনে তা অনুষ্ঠিত হবে।রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা একটি শুভ লক্ষণ। নির্বাচন হবে, এটা পরিষ্কার। এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচিত হলেই নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকবে না। অব্যস্থাপনা, অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তাব্যবস্থার অবনতি নিয়ে বিশ্লেষকেরা জারদারির সমালোচনা করে আসছেন। তবে তাঁর নেতৃত্বে সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা ও গণতন্ত্রের অগ্রগতিতে জারদারির ভূমিকার প্রশংসা করেন তাঁরা।প্রধানমন্ত্রী ও বিরোধী দল মঙ্গলবারের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ওই দিনই সংসদীয় কমিটি গঠন করা হয়। কমিটি কাল শুক্রবারের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচিত করার কথা। এর মধ্যে কমিটি ব্যর্থ হলে সংবিধান অনুযায়ী বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে পিপিপি আবদুল হাফিজ শেখ, ইশরাত হোসেন ও বিচারপতি মির হাজার খানের নাম প্রস্তাব করে। আর পিএমএল-এন বিচারপতি নাসির আসলাম জাহিদ, বিচারপতি শাকিরুল্লাহ জান ও রসুল বখশ পলিজোর নাম প্রস্তাব করে। এএফপি ও ডন।