পাকিস্তানে সামাজিক অস্থিরতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘমেয়াদি বন্যার কারণে পাকিস্তানে সামাজিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ত্রাণ কার্যক্রম চালানোর আড়ালে ক্ষতিগ্রস্তদের নিজেদের দলে ভেড়ানোর কাজে ইসলামি উগ্রপন্থীদের তত্পরতা সেই অস্থিরতাকে উসকে দিচ্ছে।এদিকে, কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলে বন্যার হুমকিতে থাকা হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা বলছেন, অবিরাম বর্ষণ পরমাণু শক্তিধর দেশটিকে আকস্মিক বিপর্যয়ে ফেলে দিয়েছে। অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার উপক্রম হয়েছে দেশটি। বেঁচে থাকার জন্য আশি লাখ মানুষকে সাহায্যের ওপর নির্ভর করতে হচ্ছে। আড়াই বছর আগে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তার পর থেকে সংকট ক্রমেই বাড়তে থাকায় জনমনে ক্ষোভও তীব্র হচ্ছিল। এ অবস্থায় স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ না থাকায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে। বন্যাদুর্গতরা অমানবিক জীবন যাপন করছেন। ৬০ লাখের বেশি মানুষ এখনো আশ্রয়হীন। কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে এ বছর খাদ্যশস্যের উত্পাদন মারাত্মক বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খাদ্যমূল্য বেড়ে গেছে, যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে ইসলামি উগ্রপন্থীদের তত্পরতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।বিশ্লেষক হাসান আশকারি বলেন, ‘জনগণের থেকে সরকারের দূরত্ব বাড়ছে। এর ফলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখা দেবে। এর সুযোগ নেবে বিরোধীরা। আরও পরে ইসলামি উগ্রপন্থীরা এর থেকে ফায়দা লুটতে ব্যস্ত হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘এখন ত্রাণ ও বিভিন্ন দাবিতে উপদ্রুত এলাকাসহ অন্যান্য স্থানে যেসব বিক্ষোভ হচ্ছে, বিরোধী দল সেগুলোতে যোগ দিলে অস্থিরতা সৃষ্টির প্রক্রিয়া আরও জোরদার হবে।’পাঞ্জাবের মুজাফফরগড় থেকে নির্বাচিত পাকিস্তান পিপলস পার্টির এমপি জামশেদ দাস্তি বলেন, লোকজন রাস্তা অবরোধ করছে, খাদ্যসামগ্রী-বোঝাই ট্রাক লুট করছে এবং ত্রাণ পাওয়ার জন্য বিক্ষোভ করছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা কায়সার বাঙালি বলেন, ‘নানা সামাজিক ঝুঁকি সৃষ্টি হয়েছে। খাদ্যমূল্য বেড়েছে, বহু ফসলি জমি নষ্ট হয়ে গেছে, হাজার হাজার গবাদিপশুর মৃত্যু হয়েছে। কাজেই আমরা এখন যদি এসব বিষয়ে মনোযোগ না দিই, তাহলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যাবে।’কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলে বন্যার হুমকিতে থাকা হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। সিন্ধু প্রদেশের কৃষিমন্ত্রী জাম সাইফুল্লাহ বলেন, ‘আমরা এখন বন্যার হুমকিতে থাকা সাধাকোট শহর রক্ষার চেষ্টা করছি।’ তিনি বলেন, সিন্ধু সরকার ইতিমধ্যে শহরটির প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে। এএফপি।