পাকিস্তানে সিরিজ বোমায় নিহতের সংখ্যা ১১৬
পাকিস্তানের কোয়েটা ও মিঙ্গোরা শহরে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। চার দফা এই হামলায় আরও অন্তত ২৩৫ জন আহত হয়েছে। তাদের অনেকেরই অবস্থা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।বৃহস্পতিবার দুপুর থেকে রাতে পাঁচ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটা ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিঙ্গোরা শহরে এ বোমা হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত সুন্নি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এ হামলার নিন্দা জানিয়ে আহত ব্যক্তিদের সুষ্ঠু চিকিৎসার নির্দেশ দিয়েছেন।আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী কোয়েটার বাচা খান চক এলাকায় আধাসামরিক বাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে বেলা তিনটা ৫০ মিনিটে প্রথম বোমা হামলা চালানো হয়। এতে একজন সেনাসদস্যসহ অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়। নিরাপত্তাচৌকির কাছেই একটি পার্কে গাড়ির নিচে শক্তিশালী বোমাটি পুঁতে রাখা হয়েছিল। কর্মকর্তারা জানান, এর প্রায় দুই ঘণ্টা পর খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলার মিঙ্গোরা শহরের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে দ্বিতীয় হামলাটি চালানো হয়। ওই হামলায় অন্তত ২২ জন নিহত ও ৬৫ জন আহত হয়। মিঙ্গোরার হামলার তিন ঘণ্টা পর কোয়েটায় সবচেয়ে ভয়াবহ হামলা দুটি চালানো হয়। রাত আটটা ৫০ মিনিটে শহরের আলমদার বাজারের একটি স্নুকার ক্লাবে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার পরপরই পুলিশ, উদ্ধারকর্মী ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তখন সেখানে আরেকটি হামলা চালানো হয়।কোয়েটার পুলিশ কর্মকর্তা মীর জুবায়ের জানান, দুটি জোড়া হামলায় ৮২ জন নিহত ও ১২১ জন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন পুলিশ সদস্য, ২৫ জন উদ্ধারকর্মী ও দুজন গণমাধ্যমকর্মী রয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আসলাম রায়সানি নিহত প্রত্যেক পুলিশ সদস্যের জন্য ২০ লাখ রুপি (২০ হাজার ৩০০ ডলার) এবং অন্যদের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। টাইমস অব ইন্ডিয়া, ডন, বিবিসি ও এএফপি।