পাকিস্তানে সেনা অভিযান ও জঙ্গি হামলায় নিহত ৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় সেনা অভিযান ও জঙ্গিদের হামলার পৃথক ঘটনায় ৫০ সন্দেহভাজন জঙ্গি ও চার সেনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা এ কথা জানান।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ হাসান জানান, গত বৃহস্পতিবার মোহমান্দের বাইজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল দলের ওপর জঙ্গিরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ ঘটনায় ১০ জন জঙ্গি ও চারজন সেনা নিহত হয়। একপর্যায়ে জঙ্গিরা পিছু হটে যায়।মাকসুদ হাসান জানান, বৃহস্পতিবার মোহমান্দের অপর এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় সেনাদের বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত হয়। তিনি আরও জানান, যুদ্ধবিমান ও হেলিকপ্টার যোগে ওই হামলা চালানো হয়। ওই অঞ্চলের একটি বাড়িতে মর্টারের গোলার আঘাতে দুই থেকে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। কারা হামলাটি চালিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।পুলিশ নিহত: গত বৃহস্পতিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। হামলায় দুই শিশুসহ পাঁচজন আহত হয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এএফপি ও ডন অনলাইন।