পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষ, ১০ সেনাসহ নিহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত খাইবারে গতকাল শুক্রবার ভয়াবহ সংঘর্ষ ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন সেনাসহ ৭০ জন নিহত হয়েছে। পুলিশ ও কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।এদের মধ্যে তিরাহ উপত্যকায় জুমার নামাজের সময় আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়। তিরাহ থেকে ১০ কিলোমিটার দূরে সংঘর্ষে ১০ সেনা ও ২৩ জন জঙ্গি নিহত হয়। এ ছাড়া ওরাকজাই এলাকায় বিমান হামলায় আরও অন্তত ১৫ জন জঙ্গি নিহত হয়। আফগান সীমান্তবর্তী সহিংসতাপ্রবণ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেড়া এলাকার তিরাহ উপত্যকায় গতকাল সেনা ও জঙ্গিদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সংঘর্ষে অন্তত ১০ জন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। তিনি জানান, প্রায় ছয় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ২৩ জঙ্গিও নিহত হয়।কর্মকর্তা আরও জানান, স্থানীয় সব নিরাপত্তা ফাঁড়ি অক্ষত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। খাইবারের প্রশাসক মুতাহির জেব খান এ ঘটনায় এর আগে আট সেনা ও ২২ জঙ্গি নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্যরা আমাদের পর্যবেক্ষণ ফাঁড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।’ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের সামরিক কর্মকর্তারা এই হামলা ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে প্রবেশের ওপর বিধিনিষেধ থাকায় হতাহতের এই পরিসংখ্যান নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। যুদ্ধবাজ নেতা মঙ্গল বাঘের নেতৃত্বাধীন সংগঠন লস্কর-ই-ইসলাম তালেবান ও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে মনে করা হয়। এএফপি ও রয়টার্স।