পাকিস্তানে সেনাশিবিরে বন্দুকধারীদের হামলা সাতজন নিহত
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি সেনাশিবিরে গতকাল সোমবার ওই হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।কর্মকর্তারা জানান, পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্তের প্রতিবাদে কট্টর ইসলামপন্থীদের একটি বিক্ষোভের কয়েক ঘণ্টা পরই ওই হামলা হয়। পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলার ওয়াজিরাবাদ শহরসংলগ্ন চেনাব নদীর একটি সেতুর ওপর থেকে ওই হামলা চালানো হয়।সামরিক সূত্র জানায়, অজ্ঞাত ওই বন্দুকধারীদের গুলিতে একজন পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, হামলাকারীরা সংখ্যায় কতজন ছিল, তা নিশ্চিত করা যায়নি। তবে তারা মোটরবাইকে চড়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেতুর ওপর থেকে সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সম্ভবত তালেবানের সঙ্গে ওই হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে।মার্কিন বিমান হামলায় গত নভেম্বরে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্র ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করায় পাকিস্তান গত সপ্তাহে ন্যাটোর রসদ সরবরাহের পথ পুনরায় খুলে দেয়। এএফপি।