পাকিস্তানে সৌদি আরবের পারমাণবিক অস্ত্রের 'ফরমাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চাভিলাষ আছে সৌদি বাদশা আবদুল্লাহর। ছবি: রয়টার্স
পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চাভিলাষ আছে সৌদি বাদশা আবদুল্লাহর। ছবি: রয়টার্স

সৌদি আরবের সরকার পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রকল্পে বিনিয়োগ করা শুরু করেছে। বিবিসি টেলিভিশনের প্রাত্যহিক অনুষ্ঠান নিউজনাইটে গতকাল বুধবার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, সৌদি আরব পাকিস্তানকে দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করিয়ে নিতে চাইছে।

প্রতিবেদনে জানানো হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে পাল্লা দিতেই সৌদি রাজতন্ত্র তার পারমাণবিক কর্মসূচি হাতে নিয়েছে। বিবিসি বলছে, সৌদি আরবের তত্পরতা এত দূর এগিয়েছে যে দেশটি এখন ইরানের চেয়ে অনেক কম সময়ে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে।

ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘পাকিস্তানে তৈরি’ লেখা অনেক পারমাণবিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানোর জন্য পাকিস্তানে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনও আছে ওই কর্মকর্তার হাতে।

ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার সাবেক প্রধান আমোস ইয়াদলিন গত মাসে সুইডেনে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেন, ‘ইরান যদি বোমা বানিয়ে ফেলে, তবে সৌদিরা এক মাসও সবুর করবে না। ওরা বোমার দাম চুকিয়েছে, এখন কেবল পাকিস্তানে যাবে আর যা চাইছে, তা নিয়ে চলে আসবে।’

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ডেনিস রস ২০০৯ সালে যখন সৌদি বাদশা আবদুল্লাহর সঙ্গে সাক্ষাত্ করেন, তখন বাদশা তাঁকে বলেছিলেন, ‘ইরানিরা যদি সীমা ছাড়ায়, তবে সৌদিরাও বোমা বানাবে।’ সৌদিরা তাদের আকাঙ্ক্ষার কথা বহুবার বহুভাবে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা গ্যারি সামোর নিউজনাইটকে বলেন, ‘আমি যত দূর জানি, এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক ধরনের বোঝাপড়া হয়েছে। নেহাতই বিপদে পড়ে গেলে সৌদিরা হয়তো পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমা কিনে নেবে।’ গ্যারি সামোর এ বছরের মার্চ মাস পর্যন্ত ওবামার পারমাণবিক অস্ত্রবিস্তার নিয়ন্ত্রণবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

অবশ্য সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ওয়্যারহেড তৈরির কেচ্ছা কয়েক দশকের পুরোনো। ১৯৮০-র দশকে দেশটি চীন থেকে ডজন খানেক সিএসএ-টু ব্যালিস্টিক (আন্তমহাদেশীয়) ক্ষেপণাস্ত্র আমদানি করেছিল।

যদিও অনেক বিশেষজ্ঞ মনে করতেন যে ওই সব অস্ত্র নিয়মিত ব্যবহারের উপযুক্ত নয়, তবুও ২০ বছর আগে সেগুলোকে যথাস্থানে মোতায়েন করা হয়েছিল।

সম্প্রতি প্রতিরক্ষাবিষয়ক সাময়িকী জেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব নতুন করে সিএসএস-টু নিক্ষেপের ভিটা বানিয়েছে এবং অস্ত্রগুলো তাক করা হয়েছে ইসরায়েল ও ইরানের দিকে।

পশ্চিমা রাষ্ট্রগুলোর আপত্তি উপেক্ষা করে সৌদিরা যে পাকিস্তানের সামরিক বাহিনীকে বহুদিন ধরে কিছু কিছু করে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, এ ব্যাপারটি এখন আর গোপন কিছু নয়।

সৌদি আরবের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ ১৯৯৯ ও ২০০২ সালে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার পরিদর্শন করেন এবং দুই রাষ্ট্রের আরও নিবিড় সম্পর্কের ওপর জোর দেন।

পাকিস্তানের মেজর জেনারেল ফিরোজ হাসান খান পারমাণবিক গবেষণায় তাঁর সম্পৃক্ততা নিয়ে ‘ইন ইটিং দ্য গ্রাস’ শিরোনামে যে বই লিখেছেন, তাতে বলেন, সুলতান বিন আবদুল আজিজের অস্ত্রাগার পরিদর্শনে এটা প্রমাণিত হয় না যে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ‘পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম চালানোর জন্য অর্থের জোগান দেয় সৌদি আরব।’

এক পাকিস্তানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে অলিখিত চুক্তি আছে। তিনি বলেন, ‘সৌদিরা যে আমাদের অর্থ দেয়, এ ব্যাপারে আপনার কী মনে হয়? এগুলো অবশ্যই খয়রাত নয়।’