পাকিস্তানে হাক্কানি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে গতকাল বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় জঙ্গিসংগঠন হাক্কানি নেটওয়ার্কের নেতাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ড্রোন হামলায় পাকিস্তানের তালেবান (টিটিপি) নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার তিন সপ্তাহ পরই আবার একই ধরনের হামলা করল যুক্তরাষ্ট্র।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের জঙ্গিসংগঠন হাক্কানি নেটওয়ার্কের আধ্যাত্মিক নেতা মাওলানা মুফতি আহমাদ জান রয়েছেন। এ হামলায় হাক্কানির সদস্য মুফতি হামিদুল্লাহ নিহত হয়েছেন। 

পুলিশ কর্মকর্তা জিয়া খান জানিয়েছেন, ড্রোন থেকে হানগু জেলার তাল এলাকায় একটি মাদ্রাসা লক্ষ্য করে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ওই ছয়জন নিহত হন। তাঁরা ছাত্র-শিক্ষক।

মাদ্রাসাটিতে হাক্কানি নেটওয়ার্কের নেতা-কর্মীদের যাতায়াত ছিল। ২০১১ সালে কাবুলে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকার অভিযোগে এই জঙ্গিসংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদের কাছে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসের শুরুর দিকেই ইসলামাবাদের কাছে একটি গ্রামে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় হাক্কানি নেটওয়ার্কের প্রধান তহবিল সরবরাহকারী নাসিরুদ্দিন হাক্কানি নিহত হন।

পাকিস্তান সরকার মার্কিন ড্রোন হামলা বন্ধে জোর দাবি জানিয়ে আসছে। এএফপি ও বিবিসি।