পাকিস্তানে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।পাকিস্তানে কাজ করতে গিয়ে কূটনীতিকেরা নানা প্রতিবন্ধকার মুখোমুখি হওয়ায় দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন।পাকিস্তানের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা হয়রানির এসব ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, ইচ্ছাকৃত ও নিয়মমাফিক’ বলে বর্ণনা করেছেন।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি কর্তৃপক্ষ মার্কিন কূটনীতিকদের শুধু হয়রানিই করছে না উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এতে পাকিস্তানে মার্কিন দূতাবাসের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়েছে। এদিকে গত বছরের নভেম্বরে আফগান সীমান্ত এলাকায় মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। তবে দুই দেশের সম্পর্কোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেছেন, এখন সময় হয়েছে সামনে এগিয়ে যাওয়ার। গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এএফপি, রয়টার্স, বিবিসি।