পাকিস্তানে ২৩ বছর কারাভোগের পর ভারতীয় বন্দীর মুক্তি
দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলেন এক ভারতীয় বন্দী। গুপ্তচরবৃত্তির অভিযোগে গোপাল দাস নামের ওই বন্দীকে পাকিস্তান আটক করেছিল। পরে দেশটির আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডও দেন। মানবিক বিবেচনায় গতকাল বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়া হয় বলে পাকিস্তানি কর্মকর্তারা জানান।গত মাসে ভারতীয় সুপ্রিম কোর্ট গোপালকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। গতকাল মুক্তির পর গোপালকে ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াগাহর আধাসামরিক বাহিনীর মুখপাত্র মেহবুব হুসাইন এ কথা নিশ্চিত করেন। মোহাম্মদ সাজিদ নামের পাকিস্তানি একজন কর্মকর্তা জানান, মুক্তি পেয়ে গোপাল ভীষণ খুশি। সীমান্তে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।গোপাল সাংবাদিকদের বলেন, ২৬ বছর বয়সে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ১৯৮৭ সালের জুন মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের শেষে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। পাকিস্তানি কর্তৃপক্ষ গোপালকে আটক ও তাঁর দণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে কোট লাখপাত কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোপালকে গুপ্তচরবৃত্তির জন্য আটক করা হয়েছিল।প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভারতের মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ওই খেলা দেখার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এতে সাড়া দিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভারত সফর করেন। এর পরপরই গোপালকে মুক্তি দেওয়ার আদেশ দেন গিলানি। এএফপি।