পাকিস্তানে ৩৫ লাখ শিশু ডায়রিয়ার ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে বর্তমানে দেশটির ৩৫ লাখ শিশু পানিবাহিত ডায়রিয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের এক মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ বলেছেন, তাঁর দেশের জন্য পশ্চিমা সহায়তার কোনো প্রয়োজন নেই। এদিকে ত্রাণ বিতরণ কার্যক্রমে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে বন্যা-উপদ্রুত এলাকার মানুষ। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) অফিসের মুখপাত্র মুজরিজিও গিউলিয়ানো বলেছেন, বর্তমানে পাকিস্তানের ৩৫ লাখ শিশু পানিবাহিত ডায়রিয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা মোকাবিলায় হাজার হাজার মানুষকে চিকিৎসা দিচ্ছে। কিন্তু সরকার এ পর্যন্ত আমাদের কারও কলেরায় আক্রান্ত হওয়ার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।’ তিনি বলেন, দেশটির প্রায় ৩৫ লাখ শিশু এ পর্যন্ত ডায়রিয়া ও পানিশূন্যতার ঝুঁকিতে রয়েছে। টাইফয়েড, হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-ই রোগে আক্রান্তের আশঙ্কাও বাড়ছে। গিউলিয়ানো বলেন, বন্যা-উপদ্রুত এলাকায় সুপেয় পানির অভাবে মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে বাস করছে। ওসিএইচএ বলছে, আরও ত্রাণ না পেলে পাকিস্তানে দ্বিতীয় দফা মৃত্যুঝুঁকির আশঙ্কা রয়েছে। বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তানের পশ্চিমা সাহায্যের প্রয়োজন নেই। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত রোববার দেশটি সফরে গিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পাকিস্তানকে জরুরি ত্রাণ দিতে আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান। মুনের ওই আহ্বানের জবাবে গতকাল সোমবার নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানের উচিত নিজের দুই পায়ের ওপর দাঁড়ানো। তিনি বলেন, ‘৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ বাড়ি, সেতু ও স্থাপনা নতুন করে নির্মাণের ক্ষমতা আমাদেরই আছে।’তিনি বলেন, তহবিল গঠনের কাজটি একটি স্বাধীন কমিশনের মাধ্যমে পরিচালিত হলে এবং সব দলের নেতারা একযোগে কাজ করলে অনেক বড় অঙ্কের তহবিল গঠন করা সম্ভব। এই পদ্ধতি না মানলে দুর্গতদের পুনর্বাসন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে ত্রাণ বিতরণকাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে উপদ্রুত এলাকার মানুষ। তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত শুক্কুর এলাকায় একটি মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ করেছে। এ সময় তারা জানায়, তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে। বিক্ষোভকারী কালু ম্যাঙ্গিয়ানি বলেন, ‘সরকারি কর্মকর্তারা তখনই আসেন, যখন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত থাকেন। তাঁরা আমাদের দিকে এমনভাবে খাবারের প্যাকেট নিক্ষেপ করেন, যেন আমরা কুকুর।’ এপি ও রয়টার্স