পাকিস্তানে ৯৪৩ নারীকে হত্যা
পরিবারের সম্মানহানির অভিযোগে পাকিস্তানে গত বছর ৯৪৩ জন নারীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে শিশুও রয়েছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, রক্ষণশীল মুসলিম রাষ্ট্র পাকিস্তানে নারীরা কীভাবে সহিংতার শিকার হন, এ পরিসংখ্যানের মধ্য দিয়ে তা উঠে এসেছে। দেশটিতে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয়। সেখানে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে নেই কোনো আইন। নারী অধিকার রক্ষায় সরকারের অগ্রগতি হলেও খুনের মামলাগুলোর ব্যাপারে সরকারের আরও জোরালো ভূমিকা আশা করছেন মানবাধিকারকর্মীরা। কেননা, ব্যক্তি ও পারিবারিক বিষয় নিয়ে মামলা করা হলেও পুলিশ বেশির ভাগ সময় মামলা নিতে চায় না আর নিলেও তা আদালত পর্যন্ত পৌঁছায় না। প্রতিবেদনের তথ্যে উল্লেখ রয়েছে, গত বছর সম্মান খোয়ানোর অভিযোগে অন্তত ৯৪৩ জন নারীকে হত্যা করা হয়। এর মধ্যে ৯৩ জন শিশু রয়েছে। হত্যার শিকার এই নারীদের মধ্যে সাতজন খ্রিষ্টান ও দুজন হিন্দু সমপ্রদায়ের নারী। এসব নারীর মধ্যে মাত্র ২০ জন মৃত্যুর আগে চিকিৎসাসেবা পেয়েছিলেন। এএফপি।