পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য দিয়েছে। একই সঙ্গে দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছে, ঘাটতি পূরণের জন্য সরকারের নতুন করে মুদ্রা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি আবারও দুই অঙ্কে পৌঁছাতে পারে।আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জরুরি ভিত্তিতে বিপুল ভর্তুকি ও দুর্বল বিতরণব্যবস্থাসহ বিদ্যুৎ খাতের গভীর সমস্যাগুলো মোকাবিলা করা জরুরি। এতে বলা হয়, পাকিস্তানের অর্থনীতি কঠিন পরিস্থিতিতে পড়ার আভাস পাওয়া যাচ্ছে। চলতি অর্থবছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৩ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।বর্তমান শ্রমশক্তিকে অর্থনীতিতে অঙ্গীভূত করতে হলে এ প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে। এতে বলা হয়, মুদ্রাস্ফীতি সম্প্রতি কমেছে। তবে আশঙ্কা করা হচ্ছে, রাজস্বের ঘাটতি পূরণে আর্থিক নীতি পাল্টাতে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছরের মাঝামাঝি সময়ে তা আবার দুই অঙ্কে পৌঁছাবে।এতে বলা হয়, বৈদেশিক বিনিয়োগের গতি কমে যাওয়ায় দেশটিতে বৈদেশিক মুদ্রাপ্রবাহ কমে যাচ্ছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে। এএফপি