পাকিস্তানের আশা সম্পর্ক উষ্ণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নরেন্দ্র মোদির বিজয় দেশটির ১৫ কোটি মুসলিমকে কিছুটা হলেও শঙ্কিত করেছে৷ আর প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান বিষয়টিকে নিয়েছে সতর্কতার সঙ্গে৷ তবে তারা আশা করছে, ভারতে নতুন সরকার আসায় দুই দেশের দীর্ঘ বিরোধপূর্ণ শীতল সম্পর্ক উষ্ণ হতে পারে৷
মোদির বিশাল জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ দুই দেশের সম্পর্ক জোরদারের আশাবাদী মধ্য-ডানপন্থী এই নেতা৷ কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ডানপন্থী বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল িবহারি বাজপেয়ির সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ এর আগে দ্বিতীয় দফায় নওয়াজ যখন ক্ষমতায় ছিলেন, ভারতে তখন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি৷ ১৯৯৯ সালে তিনি বাসে চেপে লাহোর গিয়েছিলেন একটি শান্তিচুক্তি সই করতে৷ পারমাণবিক অস্ত্রধারী চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার স্বপ্ন জাগিয়েছিল ওই চুক্তি৷ কিন্তু দুঃখজনকভাবে ওই ঘটনার তিন মাস পরই কারগিল যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি৷ ওই যুদ্ধের জন্য তখনকার পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফকে দায়ী করেন নওয়াজ৷ পরে মোশাররফের হাতেই ক্ষমতাচ্যুত হন তিনি৷
নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) গত বছরের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়৷ আবার প্রধানমন্ত্রী হন তিনি৷ ভারতে মোদির দল বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে৷ ফলে পার্লামেন্ট সদস্য ও বিশেষজ্ঞরা বলছেন, ভারত-পাকিস্তানের মধ্যে থিতিয়ে থাকা শান্তি-প্রক্রিয়া আবার সচল হতে পারে৷
বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে নির্বাচিত সাংসদ ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত েশরি রহমান বার্তা সংস্থাকে বলেন, ‘ভারতের মানুষ মোদিকে যে বিপুল সমর্থন দিয়েছেন, তাতে পার্লামেন্টে তিনি অনেক শক্তিশালী হবেন৷ সে কারণে এই অঞ্চলে স্থিতিশীলতা স্থাপনে তিনি আস্থা নিয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করতে পারবেন৷’
শেরি রহমান আরও বলেন, ‘অর্থনৈতিক বিষয় বিবেচনায় নিয়ে নীতি গ্রহণ করা হলে, মোদির সঙ্গে কাজ করা পাকিস্তানের জন্য সহজ হবে৷ তবে বল এখন ভারতের কোর্টে৷’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান অন্তরায় কাশ্মীর৷ এ ছাড়া আছে জঙ্গিবাদ৷ ভারত অভিযোগ করে, পাকিস্তানে রাষ্ট্রীয় মদদ পাওয়া জঙ্গিরা ভারতের মধ্যে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়৷ আর পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের কাছ থেকে সাহায্য-সহযোগিতা পায়৷
ওয়াশিংটনভিত্তিক উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসসের সাবেক পাকিস্তানি ফেলো সিম্বাল খান মনে করেন, ভারতে ক্ষমতা থেকে বিদায়ী দল কংগ্রেসের জনপ্রিয়তা ছিল না৷ সে কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের ছিল না, যদিও তারা দৃশ্যত বেশি ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী৷
সিম্বাল খান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা এবং উপমহাদেশের পুরোনো কাঠামোকে নতুন রূপ দেওয়া কংগ্রেসের চেয়ে বিজেপির মোদির পক্ষে সহজ হবে৷ কেননা, তাঁর পেছনে আছে একটি মধ্য-ডানপন্থী প্রেক্ষাপট ও জনগণের বিপুল সমর্থন৷’ এএফপি৷