পাকিস্তানের ইতিহাসে একটি উজ্জ্বল দিন
পাকিস্তানের ইতিহাসে গতকাল ১৬ মার্চ দিনটি ছিল অনেক উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ। দিনটি দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ এ কারণে যে, নানা টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নির্বাচিত সরকার তার ক্ষমতার মেয়াদ পূরণ করতে পেরেছে। এর আগে ২০০২ সালে পারভেজ মোশাররফের সামরিক সরকারের অধীনে নির্বাচনে মোশাররফের নেতৃত্বাধীন মুসলিম লিগ ক্ষমতায় এসে পাঁচ বছর ক্ষমতায় ছিল। তবে ওই নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে।পাকিস্তানে স্বাধীনতার ৬৫ বছর পেরিয়েছে গত বছরের আগস্টে। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রথম দফায়, ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ১০ বছর দ্বিতীয় দফায় এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছর তৃতীয় দফায়। সামরিক সরকারগুলো প্রায় ৩১ বছর দেশটি শাসন করেছে। প্রথম দফা ১৯৫৮ থেকে ১৯৭১ সাল; দ্বিতীয় দফায় ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল এবং তৃতীয় দফায় ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত।১৯৮৮ সালে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো বিপুল ভোটে জিতে ক্ষমতায় বসেন। কিন্তু মেয়াদ পূরণের আগেই ১৯৯০ সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান দুর্নীতির অভিযোগে পার্লামেন্ট ভেঙে দেন। এরপর নির্বাচনে ক্ষমতায় আসেন নওয়াজ শরিফ। কিন্তু ১৯৯৩ সালে তিন বছরের মাথায় নওয়াজের দল ক্ষমতা হারায়। প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান সরকার ভেঙে দেন। এবার নির্বাচনে আবারও ক্ষমতায় বসেন বেনজির ভুট্টো। তিন বছরের মাথায় ১৯৯৬ সালে এ সরকারকেও উৎখাত করা হয়। ১৯৯৭ সালে নওয়াজ শরিফের নেতৃত্বে ক্ষমতায় আসে পাকিস্তান মুসলিম লিগ। কিন্তু এ সরকার টেকে মাত্র দুই বছর। ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানে মুসলিম লিগ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ।২০০২ সালে সামরিক সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে। বিতর্কিত সে নির্বাচনে মোশাররফের নেতৃত্বাধীন মুসলিম লিগ জয়লাভ করে। ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ক্ষমতায় ছিল মোশাররফের সরকার। এ সরকারই পাকিস্তানের ইতিহাসে প্রথম মেয়াদ পূর্ণ করে। এরপর ২০০৮ সালের নির্বাচনে পিপলস পার্টি ক্ষমতায় বসে। প্রেসিডেন্ট হন আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী হন ইউসুফ রাজা গিলানি। ২০১২ সালে সুপ্রিম কোর্টের আদেশে ইউসুফ রাজা ক্ষমতা থেকে সরে দাঁড়ালে দলের আরেক নেতা রাজা পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গত শনিবার এ সরকার তার পাঁচ বছরে মেয়াদ পূরণ করেছে। আল-জাজিরা, ডন, বিবিসি।