পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন পারভেজ এলাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী পারভেজ এলাহী। তিনি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-কায়েদ-ই-আজম) শীর্ষ নেতা। পিএমএল-কিউ হচ্ছে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মিত্র রাজনৈতিক দল। এলাহীর পাশাপাশি পিএমএল-কিউ-এর ১৫ জন আইনপ্রণেতাকে নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।৬৬ বছর বয়সী এলাহী পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। পাশাপাশি তাঁকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে গত সোমবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন জারির সময় থেকেই এলাহীর নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই পদক্ষেপ অবশ্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবেই তাঁর (এলাহী) ওপর ন্যস্ত করা হবে না। পিএমএল-কিউ-এর ১৫ জন মন্ত্রী গত সোমবার সন্ধ্যায় শপথ নেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ, পিএমএল-কিউ প্রধান চৌধুরী সুজাত হুসেইন প্রমুখ। এই ১৫ জনের মধ্যে আটজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। তাঁরা হলেন: সরদার বাহাদুর খান সেহার, লিয়াকত আব্বাস ভাট্টি, সরদার তালিব হুসেইন নাকাই, শেখ ওয়াকাস আকরাম, আনোয়ার আলী চিমা, গাউস বখস মেহের, জাম মুহম্মাদ ইউসুফ ও চৌধুরী ওয়াজাহাত হুসেইন। আর বাকি সাতজনকে প্রাদেশিক মন্ত্রী করা হয়েছে। তাঁরা হলেন: রানা আসিফ তাওসিফ, মালিক নোমান আহমেদ লাংগ্রিয়াল, সরদার শাহজাহান ইউসুফ, সিনেটর সাইদ খান মান্ডোখেল, চৌধুরী গিয়াস আহমেদ মেলা, আকরাম মসিহ গিল এবং খাজা শেরাজ মেহমুদ।এর আগে গত ২৩ জুন প্রধানমন্ত্রী রাজা পারভেজের সঙ্গে ৩৮ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তার মধ্যে ২৭ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং বাকি ১১ জন প্রাদেশিক মন্ত্রী। অবশ্য আগের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ সদস্যকেই নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এলাহী ২৩ জুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। নতুন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে শিগগিরই দপ্তর বণ্টন করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পিটিআই।