পাকিস্তানের একটি অঞ্চলে টিকাদান কর্মসূচি নিষিদ্ধ করেছে তালেবান
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করা না গেলে ওই অঞ্চলের দুই লাখ ৪০ হাজার শিশু পোলিও রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। গত শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই আশঙ্কা প্রকাশ করেছেন।আদিবাসী-অধ্যুষিত ওই অঞ্চলে শক্তিশালী অবস্থানে থাকা তালেবান টিকাদান কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করায় এই আশঙ্কা প্রকাশ করা হয়। স্থানীয় তালেবান নেতা হাফিজ গুল বাহাদুরের অনুসারীরা পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা চালানোর প্রতিবাদ জানাতে আসন্ন টিকাদান কর্মসূচি নিষিদ্ধ করে। তারা এই কর্মসূচির নিন্দাও জানায়।আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে সহায়তা করায় গত মে মাসে পাকিস্তানের চিকিৎসক শাকিল আফ্রিদিকে ৩৩ বছর সাজা দেওয়া হয়। শাকিল একটি টিকাদান কর্মসূচির আড়ালে ওসামার পাকিস্তানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে। সে বিষয়টিও বিবেচনায় নিয়েছে তালেবান।একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, তালেবানের হুমকির কারণে তাঁরা হয়তো উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে টিকাদান কর্মসূচি বাদ দেবেন। ওই অঞ্চলের স্বাস্থ্য বিভাগের পরিচালক ফাওয়াদ খান বলেন, টিকাদান কর্মসূচি বাতিল হলে দুই লাখ ৪০ হাজার শিশু পোলিও-ঝুঁকিতে পড়বে। এএফপি।