পাকিস্তানের ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলা, নিহত ১৬
পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে আবারও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে জঙ্গিদের শক্ত ঘাঁটিতে দুটি হামলা চালানো হয়।
বিবিসির খবরে বলা হয়, দুদফা ড্রোন হামলায় সন্দেহভাজন কমপক্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের করাচি বিমানবন্দরে গত মঙ্গলবার হামলার এক দিন পর এ হামলা চালানো হলো। করাচিতে ওই জঙ্গি হামলার সময় ১০ আক্রমণকারীসহ ৩৯ জন নিহত হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে আলোচনার শর্ত দিয়ে পাকিস্তানে ড্রোন হামলা করবে না বলে ইসলামাবাদের সঙ্গে একমত হয়েছিল ওয়াশিংটন। কিন্তু করাচিতে হামলার এক দিন পর যুক্তরাষ্ট্র ফের পাকিস্তানের মাটিতে ড্রোন ব্যবহার করল।
এদিকে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি-অধ্যুষিত এলাকায় স্থল আক্রমণ চালাতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত আছে।
গতকালের দুটি হামলার প্রথমটি হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে একটি গ্রামের একটি ভবনে। গতকাল গভীর রাতে চালানো এ হামলায় চারজন আদিবাসী উজবেক জঙ্গি ও দুই পাঞ্জাবি তালেবান নিহত হয়। আজ বৃহস্পতিবার ভোরে ১০ সন্দেহভাজন জঙ্গিকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।