পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলায় পালাল বহু বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দেরা ইসমাইল খানের কেন্দ্রীয় কারাগারে গতকাল সোমবার পুলিশের ছদ্মবেশে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ সময় অনেক বন্দী কারাগার থেকে পালিয়ে যায়।

ডন ডটকমের খবরে জানানো হয়, জঙ্গিরা হামলা চালিয়ে ৪০ জন বন্দীকে মুক্ত করে নিয়ে যায়।

‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা তিন শতাধিক জঙ্গিকে মুক্ত করে নিয়ে গেছে। হামলায় পুলিশের দুই সদস্যসহ পাঁচজন নিহত হন।

কারা কর্তৃপক্ষ জানায়, এ কারাগারের বন্দী ধারণক্ষমতা পাঁচ হাজারের বেশি।  এর মধ্যে অন্তত ৪৫ জন জঙ্গি রয়েছে, যারা দাগি আসামি।

ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) বিভিন্ন দিক থেকে এ হামলা চালায়। এ সময় ২৫টির বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে ডন ডটকমের খবরে জানানো হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাগারের চারপাশ ঘিরে ফেলে এবং ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে কারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে শহরে কারফিউ জারি করা হয়েছে।

টিটিপির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন। তিনি ডন ডটকমকে জানান, কয়েকজন আত্মঘাতী হামলাকারীসহ তাঁদের প্রায় ১০০ সদস্য এ অভিযানে নিয়েছে। তিনি দাবি করেন, টিটিপি তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে এবং অভিযান সফল হয়েছে।

কারা মন্ত্রণালয়ের উপদেষ্টা মালিক কাসিম খাত্তাকের ভাষ্য, ৫০-৬০ জন বন্দুকধারী বোমাসহ কারাগারে হামলা চালিয়েছে। এরপর তারা কারাগারের সীমানাপ্রাচীরের ভেতর ঢুকে প্রায় ৬০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই প্রাচীর ভেঙে যায়। ওই খোলা জায়গা দিয়ে তিন শতাধিক বন্দী পালিয়ে যায়।