মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তাঁর বিশ্বাস, আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানেই লুকিয়ে আছেন এবং পাকিস্তানের কোনো কোনো মহল তাঁর খবর জানে। তিনি বলেন, বিন লাদেনকে পাকড়াও না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্ষান্ত হবে না। তাঁকে ধরতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ থেকে কাবুলে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।হিলারি বলেন, যুক্তরাষ্ট্রে যতগুলো সন্ত্রাসী হামলা হয়েছে তার বেশির ভাগের নীল-নকশা করা হয়েছে পাকিস্তান থেকে। এখনো আল-কায়েদা এবং তালেবান সদস্যরা পাকিস্তানকে তাঁদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কোনো মহল লাদেনের অবস্থান জেনেও তা তারা প্রকাশ করছে না বলেই হিলারির ধারণা। তবে পাকিস্তান সরকারের শীর্ষ কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে যথেষ্ট আন্তরিক বলে তিনি মত দেন। হিলারি বলেন, তিনি লাদেনকে ধরার জন্য পাকিস্তানকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না। কারণ, জঙ্গি দমনে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আগেও সহযোগিতা করেছে এবং এখনো করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনো লাদেন বা তাঁর প্রধান সহযোগী জাওয়াহিরিকে ধরতে পারেনি। কিন্তু পাকিস্তানের সহায়তায় আল-কায়েদার বহু শীর্ষ নেতা, জঙ্গি প্রশিক্ষক ও অর্থদাতাকে ইতিমধ্যে গ্রেপ্তার অথবা হত্যা করা হয়েছে।হিলারি বলেন, ৯/১১ ঘটনার সময় একজন সিনেটর হিসেবে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছিলেন। এখনো তিনি সেই অবস্থানে আছেন। গত মে মাসে হিলারি সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানের কিছু কর্মকর্তা আল-কায়েদা সম্পর্কে বহু তথ্য তাঁরা চেপে যাচ্ছেন। পিটিআই অনলাইন।