পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রেশমা আর নেই

পাকিস্তানের খ্যাতনামা লোকসংগীতশিল্পী রেশমা গতকাল রোববার সকালে লাহোরে মারা গেছেন। ‘দমা দম মাস্ত কালান্দার’, ‘লাম্বি জুদায়ি’ ইত্যাদি গানের জন্য সুপরিচিত এই শিল্পী দীর্ঘদিন ধরে কণ্ঠনালির ক্যানসারে ভুগছিলেন।
হাসপাতালের বরাত দিয়ে পাকিস্তানের জিয়ো টেলিভিশন জানিয়েছে, এক মাস ধরে রেশমা কোমায় ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
শিল্পী রেশমা ১৯৪৭ সালের কোনো একসময় ভারতের রাজস্থান রাজ্যের বিকানীর জেলায় বানজারা উপজাতীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ভারত বিভক্তির পর তাঁর সম্প্রদায়ের লোকেরা পাকিস্তানের করাচি চলে যান।
রেশমা যখন মাত্র ১২ বছরের কিশোরী ছিলেন, তখন টিভি ও রেডিওর একজন প্রযোজক শাহবাজ কালান্দারের মাজারে তাঁর সংগীত প্রতিভা খুঁজে বের করেন। পরে ওই প্রযোজক পাকিস্তান রেডিওতে রেশমার কণ্ঠে ‘লাল মেরি’ গান গাওয়ার ব্যবস্থা করেন। এর পর রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
রেশমা ছিলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের অন্যতম। গত শতকের ষাটের দশকে তিনি টেলিভিশনে নিয়মিত গান পরিবেশন করতেন। পাকিস্তানি চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় ছবিতেও গান গেয়েছেন রেশমা।
ডন পত্রিকার খবরে বলা হয়েছে, রেশমা উমায়ের নামের এক ছেলে ও খাদিজা নামের এক মেয়েসন্তান রেখে গেছেন। আইএএনএস।