পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এখনো আফগানিস্তানের জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিভিন্ন নিরাপদ আস্তানা থেকে কার্যক্রম পরিচালনাকারী জঙ্গিরা এখনো আফগানিস্তানের জন্য বড় হুমকি। তবে পাকিস্তানের সামরিক বাহিনী ও ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ক্রমশ বাড়ছে। গতকাল শুক্রবার দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে নিজ দেশের সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ কথা বলেন।ইরাকে মার্কিন সামরিক কমান্ডের পরিবর্তন উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর অঘোষিত সফরে বৃহস্পতিবার কাবুল পৌঁছান গেটস। তিনি এমন এক সময় আফগানিস্তান এলেন, যখন দেশটির বিভিন্ন অঞ্চলে তালেবানবিরোধী যুদ্ধে আন্তর্জাতিক বাহিনীর, বিশেষত মার্কিন বাহিনীর বহু সেনা প্রাণ হারাচ্ছে।কান্দাহারে রবার্ট গেটস গতকাল প্রথমে ন্যাটোর একটি ছোট্ট ঘাঁটিতে যান। সাম্প্রতিক এক সহিংস ঘটনায় সেখানে আট মার্কিন সেনা নিহত হন।আফগানিস্তান জঙ্গি ইসলামি গোষ্ঠীগুলোর বিকাশে প্রশ্রয় দেওয়ার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে আসছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই গোষ্ঠীগুলোকে তাঁর দেশের জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন।কান্দাহারে মার্কিন অভিযানের সদর দপ্তর ক্যাম্প নেথান স্মিথের চতুর্থ পদাতিক বাহিনীর ১০০ সেনাসদস্যের উদ্দেশে গেটস বলেন, ‘তোমরা একেবারে শিয়ালের গর্তের মুখে রয়েছ। কান্দাহারে তোমাদের সাফল্যের ওপরই পুরো অভিযানের সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে।...এই সপ্তাহটা তোমাদের জন্য অত্যন্ত কঠিন।’গেটস সেনাসদস্যদের জানান, জঙ্গি হামলা থেকে রক্ষা পেতে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) ও পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে তিনি ও কারজাই সম্মত হয়েছেন। তিনি বলেন, উভয়ের মধ্যে সহযোগিতা বাড়ছে। সীমান্তের ওপারে অবস্থিত জঙ্গিদের নিরাপদ ঘাঁটিগুলো যে একটি বড় সমস্যা, সে ব্যাপারে সবাই একমত। গেটস বলেন, ‘স্মরণকালের ভয়াবহতম বন্যার কারণে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান বিলম্বিত হতে পারে। তবে আমি মনে করি, আইএসএএফ, আফগানিস্তান ও পাকিস্তানের সহযোগিতায় লক্ষ্য অর্জন করা সম্ভব।’পরে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গেটস বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের প্রক্রিয়া প্রায় শেষ। এর মধ্য দিয়ে সেখানে আন্তর্জাতিক বাহিনীর সেনাসংখ্যা দেড় লাখে দাঁড়াবে।হামিদ কারজাই ন্যাটোর এক বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই হামলা জঙ্গিদের ওপর চালানো হয়েছে বলে দাবি করেছে ন্যাটো। সম্মেলনে কারজাই অতিরিক্ত সেনা মোতায়েনের সমালোচনা করে একে ‘অকার্যকর’ বলে উল্লেখ করেন।এদিকে আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর চিফ অব অপারেশনস জার্মান জেনারেল ইগন রামস বৃহস্পতিবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সমালোচনা করেছেন। জার্মান এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তালেবানবিরোধী যুদ্ধে ন্যাটো বাহিনীকে সহায়তা দিতে প্রেসিডেন্ট কারজাই ব্যর্থ হয়েছেন। রয়টার্স, এএফপি, এপি।