পাকিস্তান সরকার দেশটির বৃহত্তম ইসলামি জঙ্গি সংগঠন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে নিষিদ্ধ করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ দুই সপ্তাহ আগে জারি করলেও তা জনসমক্ষে প্রকাশ করেনি। এর আগে ২০০২ সালে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ সংগঠনটি নিষিদ্ধ করেছিলেন।আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের প্রধান মাওলানা মোহাম্মদ আহমেদ লুদিয়ানভি নিষেধাজ্ঞা জারির এ আদেশ সম্পূর্ণ অযৌক্তিক বলে ব্যাখ্যা করেছেন। সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে তাঁরা আদালতে যাবেন বলেও জানানো হয়।বিবিসি জানিয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বক্তব্য জানতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।আল-কায়েদাপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আগে নাম ছিল সিপাহ-ই-সাহাবা (এসএসপি)। এর সদস্যরা মহানবী (সা.)-এর সহচরদের সেনা নামেও পরিচিত। সংগঠনটির বিরুদ্ধে শত শত শিয়া মুসলমানকে হত্যার অভিযোগ রয়েছে।এ ছাড়া বিভিন্ন সময় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, নিরাপত্তা স্থাপনা ও বিদেশি দূতাবাস সংগঠনটির হামলার শিকার হয়েছে। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গেও সংগঠনটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিবিসি।