পাকিস্তানের জন্য বড় আকারের সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানের জন্য বড় আকারের মার্কিন সহায়তা প্যাকেজের ঘোষণা করেছেন। গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। গত বছর মার্কিন কংগ্রেস পাকিস্তানের জন্য পাঁচ বছর মেয়াদি যে সাড়ে সাত শ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, তারই অংশ হিসেবে এই সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব পরিবর্তনের আশায় যুক্তরাষ্ট্র এই সহায়তা দিচ্ছে।গতকাল সহায়তা ঘোষণার সময় হিলারি বলেন, ‘অনেক পাকিস্তানির মধ্যেই এমন ধারণা রয়েছে, যুক্তরাষ্ট্র শুধু নিরাপত্তার বিষয়েই তাদের দেশের সঙ্গে কাজ করছে। এই ভুল ধারণা দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং আমরা বুঝতে পেরেছি, পাকিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে মার্কিন সহযোগিতায় ঘাটতি ছিল। যুক্তরাষ্ট্র পাকিস্তানের জনগণের ধারণা পরিবর্তনের জন্য কাজ করছে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সহায়তা প্যাকেজের আওতায় দুটি জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে। এ ছাড়া করাচি, লাহোর ও জাকোকাবাদে তিনটি হাসপাতালের সংস্কার করা হবে। বিশুদ্ধ পানি সরবরাহ বাড়ানোর জন্যও উদ্যোগ নেওয়া হবে। হিলারি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানিরা আরও বেশি উদ্যোগী হবে। পরে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিক, ব্যবসায়ী, আমলা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।এর আগে রোববার পাাকিস্তানে পৌঁছে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। ওই দিন আফগানিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করে পাকিস্তান।রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট জারদারির সঙ্গে হিলারির বৈঠকে মার্কিন মনুষ্যবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্থান পায়। জারদারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দেশ ঐক্যবদ্ধ আছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ব্যাপারে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান হিলারি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন পাকিস্তানভিত্তিক হাক্কানি গোষ্ঠীকে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ওয়াশিংটন।হিলারির মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী একটি বাণিজ্য চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে পণ্যবাহী ট্রাকগুলো পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে ভারতে পণ্য রপ্তানি করতে পারবে। তবে ভারতীয় ট্রাকগুলোকে আফগানিস্তানে পণ্য রপ্তানির অনুমতি দেবে না পাকিস্তান।ওসামা বিন লাদেন পাকিস্তানেপাকিস্তানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে গতকাল হিলারি ক্লিনটন বলেন, ‘আমার ধারণা, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে রয়েছেন। আল-কায়েদার নেতাদের ধরতে পারাটা সন্ত্রাস দমনে আমাদের জন্য খুবই সহায়ক হবে।’ গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের প্রধান লিও প্যানেট্রা জানান, বিন লাদেন খুবই গোপন কোনো স্থানে লুকিয়ে আছেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে পলাতক রয়েছেন বিন লাদেন। তাঁকে ধরার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।পাকিস্তান-চীন পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগপাকিস্তানে দুটি বেসামরিক পরমাণু চুল্লি স্থাপন নিয়ে ইসলামাবাদের সঙ্গে বেইজিংয়ের চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ওয়াশিংটন ইতিমধ্যে এ ব্যাপারে বেইজিংয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। বিষয়টি অবশ্যই নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপের (এনএসজি) অনুমোদন পেতে হবে। পরমাণু চুল্লি স্থাপনের ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে এবং এগুলোর জবাব পেতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়। এ ধরনের পরমাণু শক্তির লেনদেনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে এবং পাকিস্তান বিষয়টি জানে। বিবিসি, এএফপি, রয়টার্স।