পাকিস্তানের জাতীয় পরিষদে সংবিধান সংশোধন বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গতকাল বৃহস্পতিবার সংবিধান সংশোধনবিষয়ক একটি বিল পাস হয়েছে। ‘১৮তম সংশোধনী বিল’ নামের ওই বিলের পক্ষে ২৯২ ভোট পড়ে। ৩৪২ সদস্যের নিম্নকক্ষে বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি।এর আগে অনুচ্ছেদ আকারে মোট ১০২টি সংশোধনী উত্থাপন করা হলে জাতীয় পরিষদের সদস্যরা তাতে সমর্থন দেন। বিলে প্রেসিডেন্টের ক্ষমতা কমানোসহ সংবিধান সংস্কারে বিভিন্ন প্রস্তাব রয়েছে। এখন দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে। এতে পাকিস্তান ১৯৭৩ সংবিধানে ফিরে যাবে।গতকাল স্পিকার ফাহমিদা মির্জার সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। প্রথমে সংবিধানের ১৭তম সংশোধনী বাতিল করা হয়। সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের আমলে ওই সংশোধনী আনা হয়েছিল। ১৭তম সংশোধনী বাতিলের পক্ষে ২৫৮ ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি।বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হয়ে পড়বে। এর ফলে প্রেসিডেন্ট আর দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত বা পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন না। সেনাবাহিনী প্রধানের নিয়োগও প্রেসিডেন্টের হাতে থাকবে না। দুবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়া যাবে না—এই বিধানসংক্রান্ত ধারাটি বাতিল হয়ে যাবে। এতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগে কমিশন গঠিত হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে সাত সদস্যের এবং হাইকোর্টের বিচারক নিয়োগে ১১ সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠিত হবে। নতুন আইন অনুযায়ী পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাম হবে খাইবার পাখতুনখাঁ। এই অনুচ্ছেদ উত্থাপন করা হলে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) দুটি সংশোধনী প্রস্তাব দেয়। তবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে তা নাকচ হয়ে যায়। নাম পরিবর্তনের পক্ষে ২৬৪ ভোট পড়ে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সদস্যরা এই ভোটে অংশ নেননি । সিনেটর রাজা রাব্বানীর নেতৃত্বে সব দলের অংশগ্রহণে সংবিধান সংস্কারবিষয়ক সংসদীয় কমিটি গঠন করা হয়। প্রায় নয় মাস কাজ করে ‘১৮তম সংশোধনী বিল’ নামের ওই বিলের খসড়া তৈরি করে সংসদীয় কমিটি। এতে সামরিক বাহিনীর ক্ষমতা দখল বন্ধ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রদেশগুলোর স্বায়ত্তশাসন এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা সংক্রান্ত বিভিন্ন বিষয় সংশোধনের প্রস্তাব করা হয়। এএফপি, দ্য নিউজ, দ্য ডন।