পাকিস্তানের জুমার নামাজে বোমা হামলায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে শিয়া-অধ্যুষিত চামকিনি এলাকার একটি মসজিদে আজ শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
বিবিসি অনলাইন ও ডন ডটকমের খবরে জানানো হয়, আজ দুপুরে জুমার নামাজের সময় ওই আত্মঘাতী বোমা হামলা হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার শাফিউল্লাহ বলেন, তিনজন হামলাকারী মসজিদের মাদ্রাসার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও দুজন ভেতরে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে গুলি চালালে তাঁদের মধ্যে একজন ইমামের কাছে চলে যান। এর কিছু পরেই বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিত্সাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখওয়ার তথ্যমন্ত্রী শওকত ইউসুফজাইও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।