পাকিস্তানের তেহরিক নেতা কাদরি কানাডা চলে যাচ্ছেন!
পাকিস্তানের আলোচিত তেহরিক-ই-মিনহাজুল কোরআন (টিএমকিউ) দলের প্রধান তাহিরুল কাদরি চলতি মাসের শেষ দিকে কানাডায় ফিরে যাবেন বলে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে টিএমকিউয়ের কর্মকর্তারা এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৭ জানুয়ারি লাহোরে টিএমকিউয়ের কার্যালয়ে কাদরি সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী রাজা আশরাফ পারভেজের সই করা ‘ইসলামাবাদ লংমার্চ ঘোষণাপত্রে’ উল্লিখিত পাকিস্তানের নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। পরদিন ২৮ জানুয়ারি তিনি এমিরেটসের একটি ফ্লাইটে করে পাকিস্তান ছেড়ে যাবেন।টিএমকিউয়ের মুখপাত্র তানভীর খান ডন পত্রিকাকে জানান, পাকিস্তানে আসতে কাদরি ও তাঁর পরিবার বিমানের টিকিট কেনার সময় আন্তর্জাতিক আইন অনুসারে কানাডার ফিরতি টিকিট কিনতে বাধ্য হন। সেই ফিরতি টিকিটে ২৮ জানুয়ারি কানাডায় ফেরার তারিখ লেখা আছে। ওই মুখপাত্র জানান, পাকিস্তানের আগামী নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে টিএমকিউ। ওই নির্বাচনে কাদরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাঁর দল অংশ নেবে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কাদরি কানাডার নাগরিকত্ব নেন। এখন আশ্রয় প্রার্থনার সময় কাদরির নেওয়া শপথ ভঙ্গ করায় কাদরিকে ৫ ফেব্রুয়ারি তলব করেছে কানাডার সরকার।পার্লামেন্টের অধিবেশন আহ্বান: প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাল সোমবার পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে পার্লামেন্ট আলোচনা হবে।এদিকে আসিফ জারদারি বলেছেন, কোনো অজুহাত তুলে কেউই আগামী নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধানের নির্দেশনা অনুসারে নির্বাচন যথাসময়ে হবে। ডন অনলাইন ও জিয়ো টিভি।