পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নানা অভিযোগ
পাকিস্তানের নতুন প্রধানন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধেও ঘুষ কেলেঙ্কারি এবং বিদেশে অবৈধ সম্পদের মালিক হওয়াসহ মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।রাজা পারভেজ আশরাফ ১৯৫০ সালের ২৬ ডিসেম্বর সিন্ধু প্রদেশের সাংহার এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন তিনি। কৃষি পেশার সঙ্গে জড়িত একটি পরিবার থেকে তিনি উঠে আসেন। মধ্য-বামপন্থী দল পিপিপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ওই পেশায়ই সম্পৃক্ত ছিলেন তিনি। পরে রাওয়ালপিন্ডির গুজার খান শহরে স্থায়ী আবাস গড়েন। এই আসন থেকে দুবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। পিপিপির নেতৃত্বাধীন জোট সরকারে তিনি পানি ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।আশরাফের বিরুদ্ধে একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। ওই বিদ্যুৎ প্রকল্প কেলেঙ্কারিতে তাঁর জড়িত থাকার কথা ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। তবে এ বিষয়ে তিনি এখন দেশটির সুপ্রিম কোর্টে আত্মপক্ষ সমর্থন করছেন। এ ছাড়া অবৈধ অর্থ দিয়ে বিদেশে সম্পদের মালিক হওয়ার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন তিনি। একই সঙ্গে পানি ও জ্বালানিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের জন্যও তাঁকে তিরস্কার করেন আদালত। ডন।