পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট মামনুন

প্রত্যাশামতো পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) মনোনীত প্রার্থী মামনুন হোসাইনই দেশটির দ্বাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, পিএমএল-এন মনোনীত প্রার্থী মামনুন হোসাইনের পক্ষে ২৭৭টি ভোট পড়েছে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওয়াজিহউদ্দিন আহমেদ পেয়েছেন ৩৪টি ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের পাশাপাশি চার প্রাদেশিক পরিষদের আইনপ্রণেতারা গোপন ব্যালটে ভোট দেন। প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও আরও কয়েকটি দল নির্বাচন বর্জন করার কারণে প্রায় ১৪৮টি ভোট পড়েনি। চূড়ান্ত ফলাফলে মোট ৬৭৪টি ইলেকটোরাল ভোটের অন্তত ৪০০টি মামুনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী মামনুন হুসাইন একজন ব্যবসায়ী এবং দল ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন হিসেবে পরিচিত। তিনি সিন্ধু প্রদেশের গভর্নর হিসেবে অল্পদিন দায়িত্ব পালন করেন। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়াদ আগামী সেপ্টেম্বরে পূর্ণ হবে। পাকিস্তানে প্রেসিডেন্টের পদটি মর্যাদাপূর্ণ হলেও তাঁর কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্যেই অনেকটা সীমিত।এএফপি, বিবিসি ও ডন।