পাকিস্তানের নির্বাচনে ইমরান, নেওয়াজ এগিয়ে
পাকিস্তানের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ও ইমরান খান নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন। রয়টার্স জানায়, আজ শনিবার রাতে এখন পর্যন্ত ভোট গণনা চলছে।
এবার নির্বাচনে প্রায় আট কোটি ৬০ লাখ ভোটার অংশ নেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের জন্য এবারের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দেশটিতে এবারই প্রথমবারের মতো একটি বেসামরিক সরকার নির্বাচনের মাধ্যমে আরেকটি বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চলেছে।
দেশটিতে আজ নির্বাচনী সংঘাতে কমপক্ষে ১৭ ব্যক্তি প্রাণ হারালেও ভোটদানে জনগণের প্রচুর উত্সাহ লক্ষ করা গেছে।
আংশিক ভোট গণনায় নেওয়াজ শরীফ এগিয়ে থাকলেও, বিশেষজ্ঞদের ধারণা এবার নেওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লীগ (এন) ইমরানের তেহরিক-ই-ইনাসাফের কাছে পাঞ্জাবের ১৫টি আসন হারাতে পারেন।
টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ বলছে ইমরানের দল ২৭২ আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে আছে। পাকিস্তানের জনগণের কাছে ইমরান এক নতুন ভাবমূর্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক রাজত্বের সংস্কৃতির বিরুদ্ধে ইমরানের উত্থানকে নতুন যুগের সূচনা বলে মনে করা হচ্ছে।
তরুণ ও শহুরে মানুষদের মধ্যে ইমরান যথেষ্ট জনপ্রিয়। তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং চাইছেন পাকিস্তানে ব্যাপক রাজনৈতিক সংস্কার। এছাড়া পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার ঘোরতর বিরোধী তিনি। এসব কারণে দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশ তরুণের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়।
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে নেওয়াজের মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। তবে তেহরিক-ই-ইনসাফ যদি মুসলিম লীগের কাছাকাছি পরিমাণ আসনে জয়লাভ করতে পারে, তবে ১৪ বছর পর নেওয়াজের ক্ষমতায় ফিরে আসা ভন্ডুল হয়ে যেতে পারে। কারণ সেক্ষেত্রে ইমরান ছোট দলগুলোকে নিয়ে জোট গঠন করে ফেলতেও পারেন।
তবে সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়া পাকিস্তান পিপলস পার্টি সম্ভবত মুসলিম লীগ ও তেহরিক-ই-ইনসাফের পরেই থাকবে।
মোহমুক্তি
কয়েক দশক ধরে পাকিস্তানে ক্ষমতায় আছে হয় মুসলিম লীগ নয়তো পাকিস্তান পিপলস পার্টি। এবারের নির্বাচনে জনগণের এ মোহমুক্তির আভাস দেখা যাচ্ছে। গতবার নির্বাচনের আগে পিপলস পার্টির সাবেক নেতা বেনজির ভুট্টো হত্যার শিকার হন। তাই সে বারের নির্বাচনে বেনজিরের বদৌলতে জয়লাভ করে পিপলস পার্টি। এবার হয়তো মৃত বেনজির পিপলস পার্টিকে আর ধরে রাখতে পারবেন না।
নির্বাচনী হিসাব
পাকিস্তানের ২৭২ আসনের জাতীয় পরিষদে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৩৭টি আসনে জয়লাভ করা দরকার। তবে মোট আসনের বাইরে আরও ৭০টি আসন আছে। এগুলো নারী ও অমুসলমান সংখ্যালঘুদের জন্য বরাদ্দ। এ আসনগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। কোন দল যে পরিমাণ আসনে জয়লাভ করে, তা অনুযায়ী দলটি সংরক্ষিত আসন পায়।
সব মিলিয়ে পার্লামেন্টে আসন সংখ্যা দাঁড়ায় ৩৪২টিতে। এজন্য সরকার গঠনের জন্য শেষ হিসাব হলো ১৭২টি আসনে জয়লাভ করা।