পাকিস্তানের পরমাণু স্থাপনা নিরাপদ আছে: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সে দেশের পরমাণু স্থাপনাগুলোর ওপর জঙ্গিসহ কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডার নিরাপদেই রয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় কমান্ড অথরিটির (এনসিএ) এক সভায় নওয়াজ এসব কথা বলেন। দেশের পরমাণু অস্ত্রভান্ডারের নিরাপত্তার বিষয়টি তত্ত্বাবধান করে এনসিএ।
পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্র সরকার গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে—গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়। তথ্য ফাঁস করে আলোচিত সিআইয়ের সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের প্রকাশ করা তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানে এ খবর প্রচারিত হয়েছে।
প্রধানমন্ত্রী নওয়াজের সভাপতিত্বে সভায় জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান খালিদ শামীম ওয়াইন, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী, অর্থমন্ত্রী ইশাক খান, কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) খালিদ আহমেদ কিদওয়াই ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে খালিদ আহমেদ কিদওয়াই সাংবাদিকদের বলেন, পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, তা ভিত্তিহীন। এগুলোর নিরাপত্তায় কার্যকর কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া রয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত জেনে সন্তোষ প্রকাশ করেছেন। ডন।