পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা জানান সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। এর আগে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি সম্মেলন হয়। সেখানে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল কায়ানি। এ সময় তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন।জারদারি-কায়ানি বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বাক্যের একটি বিবৃতিতে বলা হয়েছে, এ বৈঠকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।প্রেসিডেন্টের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে করাচি ও কোয়েটা শহরের সাম্প্রদায়িক হামলা এবং নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভির বিরুদ্ধে অভিযানের বিষয়ে বৈঠকে আলোচিত হয়েছে।সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কার্যকরভাবে ব্যবহারে ব্যর্থ হয়েছে বলে বৈঠকে মন্তব্য করেছেন জেনারেল কায়ানি। সেনাপ্রধান আরও বলেন, বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের সশস্ত্র শাখা এবং কিছু দলের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতাই দেশটির সাম্প্রতিক সহিংসতার অন্যতম বড় কারণ। সরকার চাইলে বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সেনাবাহিনী পূর্ণাঙ্গ সহযোগিতা করবে বলে আবারও জানিয়েছেন তিনি।এসব বিষয় ছাড়াও আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া এবং তেহরিক-ই-তালেবানের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ও বৈঠকে আলোচিত হয়েছে বলে জানা গেছে। ডন।